নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নাথুলা ও উত্তর সিকিম বেড়াতে যেতে পারমিটের জন্য আর ঝক্কি পোহাতে হবে না পর্যটকদের। চালু হচ্ছে এআই বেসড সিঙ্গল উইন্ডো অনলাইন পারমিট সিস্টেম। জানিয়েছেন সিকিমের পর্যটনমন্ত্রী টি টি ভুটিয়া। বুধবার তিনি বলেন, নাথুলা, উত্তর সিকিম সহ বেশকিছু সংরক্ষিত এলাকায় ভ্রমণের জন্য পারমিট ইস্যু প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে এআই চালিত সিঙ্গল উইন্ডো অনলাইন পারমিট সিস্টেম চালু হচ্ছে। নতুন পোর্টালের মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল উপায়ে পারমিট মিলবে। ফলে পর্যটকদের কোনো ঝক্কি পোহাতে হবে না। তবে সিকিম পর্যটন দপ্তরে যেসব ট্রাভেল এজেন্সি নিবন্ধীকৃত, তারাই শুধুমাত্র এই নয়া পোর্টালের মাধ্যমে অনলাইন পারমিট তৈরি করতে পারবে।



