Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিসেম্বর থেকে হাওড়ায় অনলাইন মিউটেশন, বাড়িতে বসেই আবেদন

জমি ও বাড়ির মিউটেশন পরিষেবায় বড়সড় বদল আনছে হাওড়া পুরসভা।

ডিসেম্বর থেকে হাওড়ায় অনলাইন মিউটেশন, বাড়িতে বসেই আবেদন
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জমি ও বাড়ির মিউটেশন পরিষেবায় বড়সড় বদল আনছে হাওড়া পুরসভা। ১ ডিসেম্বর থেকে হাওড়া শহরের বাসিন্দাদের আর মিউটেশনের জন্য পুরভবন বা বরো অফিসে লাইনে দাঁড়াতে হবে না। বাড়িতে বসেই রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের পোর্টালে মিউটেশনের আবেদন করা যাবে– এমনটাই জানিয়েছে পুরসভা। সহায়তার প্রয়োজনে চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর- ৭০০১৫৩১৫০৩।

Advertisement

পুরসভা সূত্রে খবর, রাজ্যের নির্দেশ মেনেই এবার থেকে সম্পূর্ণ অনলাইন মিউটেশন ব্যবস্থা চালু করা হয়েছে। পুর কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপে মিউটেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আবেদনকারী নিজস্ব মোবাইল বা কম্পিউটার থেকে wburbanservices.org-এ লগ ইন করে মোবাইল নম্বর বা ই-মেল নথিভুক্ত করে ইউজার আইডি তৈরি করলেই আবেদন জমা দেওয়া যাবে। নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেও এই পরিষেবা পাওয়া যাবে। অনলাইন আবেদনের পর কোন কোন নথি জমা দিতে হবে, তা আবেদনকারীকে অনলাইনেই জানিয়ে দেবে পুরসভা। জমি বা বাড়ি বিক্রির ক্ষেত্রে যেমন নথি প্রয়োজন, উত্তরাধিকার সূত্রে মিউটেশনের ক্ষেত্রেও তেমন কিছু অতিরিক্ত নথি দিতে হবে বলে জানিয়েছে পুরসভা। প্রয়োজনে সংশ্লিষ্ট বরো অফিস অথবা পুরসভার কর নির্ধারণ বিভাগের সঙ্গেও যোগাযোগ করা যাবে।
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তথা কমিশনার বন্দনা পোখরিয়াল বলেন, নাগরিকদের ঝক্কি কমাতেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এখন বাড়িতে বসেই মিউটেশনের আবেদনের সমস্ত কাজ করা যাবে। নতুন পরিষেবা চালু হওয়ায় শহরবাসীর সময় ও পরিশ্রম বাঁচবে। প্রসঙ্গত, ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন ও লাইসেন্সের আওতায় আনতে ইতিপূর্বেই দুয়ারে লাইসেন্স পরিষেবা চালু করেছিল হাওড়া পুরসভা। স্বচ্ছতা আনতে অনলাইনেও এই পরিষেবা জারি রয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ