নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনলাইন ডেটিং চক্রের এক পান্ডাকে পাকড়াও করল পুলিস। তাঁর নাম রাসেল বেলি। সোমবার রাতে তাঁকে কলকাতা বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিসের সাইবার থানা। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এই প্রতারণার কাজে সুবেশা তরুণীদের কাজে লাগাতেন।
অভিযোগ, বিভিন্ন ব্যক্তির ফোন নম্বর জোগাড় করে তাঁদেরকে ফোন করতেন ওই তরুণীরা। এরপর তাঁদেরকে শহরের বিভিন্ন কাফেতে ডেকে পাঠাতেন তাঁরা। ওই তরুণীদের ফোন পেয়ে কেউ উৎসাহবশত ওই কাফেগুলিতে গেলে, সেখানকার বিভিন্ন খাবারদাবারের মোটা টাকার বিল মেটাতে বাধ্য হতেন। কেউ তা না করতে চাইলে তাঁকে নানাভাবে হুমকি ও ভয় দেখানো হতো।
এদিন ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে সরকারি কৌঁসুলি রাধানাথ রং বলেন, প্রথমে পুলিসের কাছে ১৩ হাজার ১০০ টাকার একটি প্রতারণার অভিযোগ আসে। পুলিস তদন্ত করতে গিয়ে দেখে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। পুলিসের অভিযোগ, শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সি তরুণী‑ যুবতীদের জোগাড় করে এই কাজে নামানো হতো। এর মূল হোতা ছিলেন অভিযুক্ত এই যুবক রাসেল। সরকারি কৌঁসুলি এদিন আদালতে বলেন, এই ঘটনার পিছনে কোনও চক্র জড়িত রয়েছে কি না, পুলিস তা তদন্ত করে দেখছে। পাশাপাশি যে কাফে এই ধরনের ঘটনা ঘটেছে, তাদের ভূমিকাও পুলিস তদন্ত করে দেখছে। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। বিচারক সেই আর্জি নাকচ করে দিয়ে ধৃতকে ২৮ মে পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।