Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

অনলাইনে প্রসাধনী কেনার সময় কীভাবে সচেতন থাকবেন?

অনলাইনে প্রসাধনী কেনার সময় কীভাবে সচেতন থাকবেন?
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
বিয়েবাড়ির তত্ত্বের উপহারের জন্য হোক বা কনের সাজের জন্য, আজকাল অনলাইনেই প্রসাধনী কেনার ঝোঁক বেশি। মোবাইলের এক ক্লিকে বাড়িতে বসেই যেখানে পেয়ে যাচ্ছেন দেশি-বিদেশি হরেক ব্র্যান্ডের প্রসাধনী, সেখানে দৌড়ঝাঁপ করে দোকান ঘোরার কাজটি অনেকেই মুলতুবি রাখেন। দেশ-বিদেশের বিভিন্ন ব্র্যান্ড ঘরে বসে পাওয়াই শুধু নয়, কেনার পর তা অপছন্দ হলে বাড়িতে বসেই সহজে ফেরত দেওয়া যায়। এতে সময় বাঁচে, আবার যখন ইচ্ছে ঘণ্টার পর ঘণ্টা দেখাশোনা করে কেনাকাটার পরিসরও বাড়ে। তাই ইদানীং অলনাইন কেনাকাটার কদর বাড়ছে। তবে একটু সচেতন না হলে অনলাইনে প্রসাধনী কেনার ক্ষেত্রে ঠকে যাওয়ার ঝুঁকি থাকে। বিয়ের মরশুমে অনলাইনে প্রসাধনী কিনতে চাইলে তাই খেয়াল রাখুন কয়েকটা বিষয়ে।
Advertisement
• প্রথমেই খেয়াল রাখুন, যে ওয়েবসাইট থেকে প্রসাধনী কিনছেন, সেটি বৈধ কি না। নইলে আর্থিক দিক থেকে প্রতারিত হওয়ার ঝুঁকি বাড়ে। সবচেয়ে নিরাপদ, নতুন কোনও সাইট থেকে না কিনে সর্বজনপরিচিত প্রসাধনী ব্যবসার সাইট থেকে কেনাকাটা সারুন।
• কোনও দ্রব্য অর্ডার করার আগে দেখে নিন তা এর আগে কতজন কিনেছেন। যে কোনও ভালো জিনিসই বেশি বিক্রি হয়। তাই সর্বাধিক বিক্রিত পণ্যটি অর্ডার করুন। কবে অর্ডার দিলে কবে এসে পৌঁছবে তাও দেখে নিন। 
• যে কোনও জিনিস অর্ডার করার আগে সেই পণ্যের বিস্তারিত তথ্য দেখে নিন। প্রসাধনীটি কীভাবে তৈরি, ক’টি কালার শেড আছে, ডিসকাউন্ট আছে কি না, ওয়াটার নাকি অয়েল বেসড, ওয়াটারপ্রুফ কি না, সহজে ঘেঁটে যেতে পারে কি না ইত্যাদি পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্য লেখা থাকে অনলাইনে। সেসব খুঁটিয়ে দেখুন।
• আপনার ত্বকের সঙ্গে এই প্রসাধনী যাবে কি না, তাও দেখে নিতে পারেন। নিজের স্কিন টোনের সঙ্গে প্রসাধনীর কোন শেডটি যাবে, তাও পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকে অনলাইনে। স্কিন টোন টেস্টের সুযোগ না থাকলেও নিজের ত্বকের ধরন অনুসারে প্রসাধনী কেনার সুযোগ সবসময়ই অনলাইনে পাবেন। 
• অনলাইনে কেনাকাটার অভ্যাস থাকলে একটি পণ্যের দাম অন্য আর একটি সাইটের সঙ্গে তুলনা করে দেখতে পারেন। আবার একই পণ্যের ক্ষেত্রে নানা সংস্থার দামে ফারাক হয়। তাই কিছু অর্ডার করার আগে একই পণ্যের দাম কোথায় কত দেখাচ্ছে, কোথায় একটু সস্তা মিলছে তা খতিয়ে দেখুন। তারপর অর্ডার করুন পছন্দের প্রসাধনীটি। 
• অনলাইনে সারা বছরই নানারকম ছাড় চলে। তাই কোনও পণ্য কেনার আগে তাতে কত শতাংশ ছাড় মিলছে তা দেখে কিনুন। এতে আর্থিক সাশ্রয় বাড়বে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ