সংবাদদাতা, কাঁথি: অনলাইন জুয়ার কারবারে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে রামনগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সঞ্জয় জানা ও সুভাষ পণ্ডিত। বাড়ি রামনগরের মঙ্গলপুর এলাকায়। পুলিস জুয়া খেলার কাজে ব্যবহৃত কম্পিউটার, বেশ কয়েক হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে। বুধবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলপুর বাজারে একটি দোকানে বেশ কিছুদিন ধরে অনলাইন জুয়ার আসর বসছিল। জুয়ার আসরে অংশ নিয়ে এলাকার যুবকরা সর্বস্বান্ত হচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বাজারে হানা দেয় পুলিস। ওসি অমিত দেব বলেন, বেআইনি অনলাইন জুয়ার কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান জারি থাকবে।



