পকেটে সাপ নিয়ে পেঁয়াজ বিক্রি, অসতর্কতায় দোকানিকে ছোবল
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: পকেটে সাপ নিয়ে ঘুরছিলেন সর্পবন্ধু। সেই সাপই পকেট থেকে বেরিয়ে এক দোকানিকে ছোবল মারল। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির খড়িপাড়া মোড় এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেনাডিহা এলাকার বাসিন্দা শংকর দাস শুক্রবার একটি সাপ ধরার পর সেটিকে পকেটে নিয়ে ঘুরছিলেন। তিনি পেঁয়াজ চাষ করেছিলেন। সেই পেঁয়াজ শনিবার সকালে খড়িপাড়া মোড়ে গণেশ বাগের দোকানে বিক্রি করতে যান। সেই সময় আচমকাই পকেট থেকে সাপটি নীচে পড়ে যায়। তারপরই দোকানি গণেশের পায়ে ছোবল মারে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা। সাপটিকে উদ্ধার করা হয়। 
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সাপটি সাধারণত নির্বিষ। তাই এই সাপের কামড়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে নির্বিষ হলেও কোনো বন্যপ্রাণীকে এভাবে পকেটে নিয়ে যাওয়া বিপজ্জনক। বনদপ্তরের বক্তব্য, বন্যপ্রাণী সংক্রান্ত আইন অনুযায়ী এধরনের সাপ নিজেদের কাছে রাখা দণ্ডনীয় অপরাধ। পুলিশ জানিয়েছে, ঘটনার পর সর্পবন্ধু শংকরকে আটক করা হয়েছে। কী কারণে তিনি সাপটি পকেটে নিয়ে ঘুরছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।