আকভানের দাপটে জলের তলায় পেঁয়াজের চারা, ক্ষতির আশঙ্কা
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: আকভানের দাপটে নিম্নচাপের ধারাবাহিক বৃষ্টিতে ক্ষতির মুখে পেঁয়াজ চাষিরা। বিঘের পর বিঘে পেঁয়াজের জমি জলের তলায়। বিঘে প্রতি ১২-১৪ হাজার টাকা খরচে পেঁয়াজের চারা রোপন করে চাষের শুরুতেই ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আকভানের দাপটে কালনা মহকুমা জুড়ে তিনদিন ধরে ধারাবাহিক ভাবে বৃষ্টি হচ্ছে। এক দিকে যেমন মাঠে থাকা পাকা ধান ক্ষতির মুখে, তেমনই সদ্য পেঁয়াজের জমিতে জল জমে চারা গাছ ডুবেছে। অন্য দিকে পেঁয়াজের বীজতলায় জল ঢুকে চারা ডুবে যাওয়ার ঘটনাও ঘটছে। ফলে মাথায় হাত চাষিদের। 

Advertisement

কালনা মহকুমা জুড়ে কয়েক হাজার হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়। এবার কিন্তু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। ফলে উৎসাহের সঙ্গে পেঁয়াজ চাষ শুরু করেছেন  চাষিরা। বীজতলা তৈরি সহ চারা কিনে তা রোপণের কাজ চলছে জোরকদমে। আকভানের দাপটে সব লন্ডভন্ড করে দেওয়ায় খরচ বিফলে গিয়েছে বলে মনে করছেন চাষিরা। 
চাষি চন্দ্রগুপ্ত বারিক বলেন, যে চারা গুলি চার পাঁচদিন আগে লাগানো হয়েছিল তা এখন জলের তলায়। সদ্য লাগানো চারার গোরাও আলগা হয়ে গিয়েছে। এক বিঘে জমিতে চারা কিনে তা রোপণ করতে ১২-১৪ হাজার টাকা খরচা হয়েছে। বেশ কিছু চারা নষ্টও হয়েছে। বাকি চারাও জলের তলায়। কী হবে ভেবে পাচ্ছি না। 
কৃষি আধিকারিক হামিম রহমান বলেন, পেঁয়াজের চারা জলের তলায় থাকলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। দ্রুত জমি থেকে জল বের করে দিতে হবে। চারার গোড়া পরিষ্কার করে জল, বাতাস ঢোকার উপযোগী করে প্রয়োজনে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। মহকুমায় পেঁয়াজ চাষের ক্ষতির কথা চাষিরা জানিয়েছেন। আমরা রিপোর্ট তৈরি করছি। শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে।