নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ১৩ দফা দাবিতে আরামবাগে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। বুধবার ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়নের তরফে এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের সদস্যরা এদিন দুপুরে জুবিলি পার্ক ময়দানে জমায়েত হন। সেখান থেকে আরামবাগের মহকুমা শাসকের কার্যালয়ে ডেপুটেশন দেন। সংগঠনের সদস্যা মধুমিতা ভট্টাচার্য, তনুশ্রী ঘোষ, ববিতা ঘোষ প্রমুখ ছিলেন। তাঁরা বলেন, কর্মীদের অবসরকালীন সহায়তা, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ভাতা এবং সব্জি ও জ্বালানির বিল মেটাতে হবে। ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী দেওয়া, কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নত করার দাবিও জানানো হয়। প্রশাসনের এক আধিকারিক বলেন, দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।



