সংবাদদাতা, বিষ্ণুপুর: গোপীবল্লভপুরে অঙ্গনওয়াড়ি কর্মীকে মারধরের প্রতিবাদে সোমবার কোতুলপুরের মির্জাপুরে প্রতিবাদ মিছিল হয়েছে। সেখানকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা মিছিলে অংশ নেন। তাঁদের তরফে ফুলন বেওড়া বলেন, গোপীবল্লভপুরে এক শিশু কেন্দ্রে না আসায় তার অভিভাবক কাঁচা ডিম চেয়েছিল। কিন্তু নিয়মের কারণে কর্মী মধুমিতা রুইদাস তা দিতে অস্বীকার করায় তাঁকে জ্বালানি কাঠ দিয়ে পেটায় ওই অভিভাবক। বর্তমানে ওই মহিলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন আমরা দোষীর শাস্তি ও আমাদের নিরাপত্তার দাবিতে মির্জাপুর থেকে বামুনাইরি মোড় পর্যন্ত মিছিল করেছি।



