সংবাদদাতা, মানিকচক: মানিকচকের আইসিডিএস দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি করল রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির মানিকচক ব্লক কমিটি। মঙ্গলবার ২০দফা দাবিকে সামনে রেখে প্রথমে একটি পদযাত্রা হয়। পরবর্তীতে আইসিডিএস দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা। কেন্দ্রীয় নতুন শিক্ষা নীতি অবিলম্বে চালু করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা করতে গ্যাস ওভেন সহ সমস্ত সরঞ্জাম দেওয়া, ডিম-সব্জি ও জ্বালানির খরচ বাজারদর অনুযায়ী করার মতো দাবিকে সামনে রেখে এই কর্মসূচি হয়। সংগঠনের একটি প্রতিনিধি দল তাদের স্মারকলিপি আইসিডিএস দপ্তরের প্রজেক্ট অফিসারের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মণ্ডল সহ কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী।



