সংবাদদাতা, দুর্গাপুর: গ্রামের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকিত করতে উদ্যোগী হয়েছে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েত। ইতিমধ্যেই এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় সেখানে আসা গর্ভবতী, প্রসূতি ও শিশুদের ভোগান্তির শিকার হতে হয়। কেন্দ্রের সহায়িকা ও কর্মীদেরও অসুবিধা হয়। বিশেষত গরমকালে দাবদাহে খুব সমস্যা দেখা দেয়। আলোর ব্যবস্থা না থাকায় বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরটা অন্ধকারাচ্ছন্ন থাকে। শিশুদের পড়াশোনাতেও সমস্যা হয়। প্রতাপপুর পঞ্চায়েতের ৩০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনওটিতেই শুরু থেকে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের অন্যত্রও একই ছবি দেখা যায়। বিদ্যুৎ-সংযোগ দেওয়া হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিদ্যুৎবিল কে মেটাবে-তাও পরিষ্কার নয়। প্রতাপপুর পঞ্চায়েতের প্রধান সীতারাম রুইদাস ২০১৬-১৭অর্থবর্ষে কাঁটাবেড়িয়া এলাকায় ৫৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রথম সৌরবিদ্যুতের ব্যবস্থা করেন। ওই কেন্দ্রের কর্মী কল্পনা কুণ্ডু বলেন, সৌরবিদ্যুতের ব্যবস্থা হওয়ায় আমরা উপকৃত হয়েছি। এখন কেন্দ্রে তিনটি সিলিং ফ্যান ও তিনটি লাইট সৌরবিদ্যুতের সাহায্যে চলে।ওই এলাকার ৫৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বন্দনা পাল বলেন, আমাদের কেন্দ্র সহ প্রতিটি কেন্দ্রই শুরু থেকে বিদ্যুৎহীন। গরমকালে গর্ভবতী, প্রসূতি সহ শিশুরা চরম কষ্ট পেয়ে থাকে। আমাদেরও খুব কষ্টে কাজ করতে হয়। সৌরবিদ্যুতের সংযোগ মিললে সবাই উপকৃত হবেন।পঞ্চায়েত প্রধান বলেন, প্রায় সাতবছর আগে আমি পাইলট প্রজেক্ট হিসেবে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবস্থা করেছিলাম। তাতে সাফল্য মিলেছে। মাঝে কয়েকবছর আমি প্রধান পদে ছিলাম না। তাই সেই প্রকল্প বাস্তবায়িত করা হয়নি। ফের জনগণ আমাকে প্রধান পদে নির্বাচিত করেছেন। আমরা বাকি ২৯টি কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছি। এক-একটি কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবস্থা করতে ৪০হাজারের বেশি টাকা খরচ হবে। খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে। পঞ্চায়েত অফিসও পুরোপুরি সৌরবিদ্যুতের সাহায্যে চলে।
সিডিপিও সায়ন্তনী বসু বলেন, ওই পঞ্চায়েত থেকে ৫৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েতের প্রতিটি কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবস্থা করলে বহু মানুষ উপকৃত হবেন।
সিডিপিও সায়ন্তনী বসু বলেন, ওই পঞ্চায়েত থেকে ৫৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েতের প্রতিটি কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবস্থা করলে বহু মানুষ উপকৃত হবেন।



