অযোধ্যায় যানজট এড়াতে একমুখী রাস্তা বন ও বন্যপ্রাণী রক্ষায় নানা বিধিনিষেধ প্রশাসনের
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা: শীত পড়তেই পর্যটন মরশুম শুরু হয়েছে অযোধ্যা পাহাড়ে। পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করতে চলেছে পুরুলিয়া জেলা পুলিশ ও বনদপ্তর। পর্যটকদের নিরাপত্তা, সুষ্ঠু যান চলাচল, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটনকেন্দ্রগুলিতে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শনিবার অযোধ্যা পাহাড়ের একটি রিসর্টে পর্যটন সমন্বয় সভার আয়োজন করা হয়। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। ডিএসপি(আরএ), ডিএসপি (হেডকোয়ার্টার্স), ডিএসপি ট্রাফিক অরিন্দম চক্রবর্তী, ঝালদার এসডিপিও গৌরব ঘোষ, বনদপ্তরের রেঞ্জ অফিসার, দুই এডিএফও এবং অতিথি আবাসের মালিক ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।

Advertisement

সভায় পর্যটকদের পরিচয়পত্র যাচাই, বাইকের উপর নজরদারি এবং প্রতিটি অতিথি আবাসে পুলিশি নজরদারি রাখার বিষয়ে আলোচনা হয়। প্রতিটি অতিথি আবাসের সঙ্গে পুলিশের সমন্বয় বজায় রাখতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্লাস্টিকমুক্ত পর্যটন এলাকা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। অতিথি আবাসের ভিতরে বা বাইরে কোনো অনুষ্ঠান করতে হলে আগাম অনুমতি নিতে হবে। ডিজে-র দৌরাত্ম্য এবং অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞার কথা জানানো হয়। সন্দেহজনক বা অপ্রীতিকর কিছু নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট থানায় জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঝালদার এসডিপিও গৌরব ঘোষের প্রস্তাবনায় পাহাড়ে একমুখী যান চলাচল ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগের ডিএসপি অরিন্দম চক্রবর্তীর সমন্বয়ে এই ব্যবস্থা কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। পরিকল্পনা অনুযায়ী, উসুলডুংরি দিয়ে গাড়ি ওঠা বন্ধ রেখে লহরিয়া শিবমন্দিরের দিক দিয়ে পাহাড়ে ওঠার ব্যবস্থা করা হবে। ফেরার সময় পর্যটকদের টুর্গা অথবা পুরুলিয়ার দিকের রাস্তা ব্যবহার করতে হবে। পাশাপাশি পাহাড়ের তীক্ষ্ণ বাঁকগুলিতে দুর্ঘটনা এড়াতে কনভেক্স মিরর বসানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ নির্দেশিকা জারি করেছে পুরুলিয়া বন বিভাগ। বনদপ্তরের নির্দেশ অনুযায়ী, বনাঞ্চলে প্রবেশের সময় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানানসই রঙের পোশাক পরার পাশাপাশি জঙ্গলের পবিত্রতা ও স্থানীয় রীতিনীতির প্রতি সম্মান জানাতে হবে। বনাঞ্চল ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিস্তব্ধতা বজায় রাখা এবং বন্যপ্রাণীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অনৈতিক বা আইনবিরোধী কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত বন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ রয়েছে।
সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের আগে এবং বনদপ্তর নির্ধারিত সময়সীমার বাইরে জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ। বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করা, তাদের খাবার দেওয়া, শিকার বা মাছ ধরা, বনাঞ্চলে আগুন জ্বালানো কিংবা ক্যাম্প ফায়ার করা আইনত দণ্ডনীয়। একইভাবে অনুমতি ছাড়া ট্রেকিং, রক ক্লাইম্বিং, বার্ডিং, নেচার ট্রেইল, ফটোগ্রাফি, ভিডিয়োগ্রাফি, ক্যাম্পিং ও ড্রোন ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে। গাছে পেরেক লাগানো, ব্যানার-হোর্ডিং টাঙানো, বিজ্ঞাপন দেওয়া, বৈদ্যুতিক আলোকসজ্জা এবং রাসায়নিক রঙের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বনাঞ্চলে প্লাস্টিক ব্যবহার, ট্রানজিস্টার বা স্টিরিও বাজানো, উচ্চস্বরে গান গাওয়া, চিৎকার কিংবা গোলমাল করা এবং পোষ্য প্রাণী নিয়ে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। পর্যটকদের সহায়তার জন্য ২৪ ঘণ্টার ট্যুরিস্ট হেল্পলাইন  ৮১৪৫৫ ০০৭৩৪ এবং জরুরি পরিষেবার ১১২ নম্বর ব্যবহারের কথাও জানানো হয়েছে।  নিজস্ব চিত্র