নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে বকেয়া টাকা দিচ্ছিল না। উল্টে টাকা দাবি করলে দেওয়া হতো কুপ্রস্তাব। এদিকে, ওই মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। একাধিক পরিকল্পনা ‘ভেস্তে’ যাওয়ার পর সপ্তাহখানেক ধরে রাতের দিকে চলন্ত ট্রেন থেকে রেলবস্তি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ওই বস্তিতেই বাড়ি ওই মহিলার। পাথরের ছোড়ার ফলে মহিলার ঘরের বেশ কয়েকটি টালি ভেঙে গিয়েছে। শুধু ওই মহিলার নয়, আশপাশের ঘরের টালিও ভেঙেছে বলে অভিযোগ। পাথর ছোড়ার ফলে ওই বস্তির সামনে দাঁড় করানো একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় থানা ও রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কিন্তু ওই ‘মাতব্বরের’ হদিশ পাচ্ছিল না কেউ। শেষে মঙ্গলবার রাতে চলন্ত ট্রেন থেকে পাথর ছোড়ার সময় যাত্রীরা শেখ রমজান আলি নামের ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন। পরে এলাকার মানুষ গিয়ে তাকে গণধোলাই দেয়। পরে তাকে তুলে দেওয়া হয়েছে হাবড়া জিআরপি’র হাতে।



