সংবাদদাতা, শিলিগুড়ি: বিশ্ব পর্যটন মানচিত্রে ফের বড়ো স্বীকৃতি পেল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর। ২০২৭ সালের জন্য বিশ্বের অন্যতম সেরা পর্যটন গন্তব্য হিসাবে ডিএইচআর’কে বেছে নিয়েছে আন্তর্জাতিক ভ্রমণ বিষয়ক সংস্থা লোনলি প্ল্যানেট। সংস্থার বার্ষিক ‘বেস্ট ইন ট্রাভেল’ তালিকায় এই স্বীকৃতি পেয়েছে ঐতিহ্যবাহী ‘টয় ট্রেন’।
ডিএইচআর কর্তৃপক্ষের দাবি, এই আন্তর্জাতিক স্বীকৃতির ফলে দার্জিলিং ও উত্তরবঙ্গের পর্যটনে গতি আসবে। ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে ঘুম উইন্টার ফেস্টিভাল, স্টেশন মহোৎসব এবং সামার ফেস্টিভালের মতো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। দার্জিলিং, সুকনা, রংটং, মহানদী সহ বিভিন্ন ঐতিহাসিক স্টেশনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলিতে পর্যটকদের আকর্ষণ বাড়ছে।
এর পাশাপাশি স্থানীয় বনদপ্তর ও বিভিন্ন সম্প্রদায়ের সহযোগিতায় হেরিটেজ জয় রাইডের সঙ্গে পরিবেশ সচেতনতা কর্মসূচিও নেওয়া হচ্ছে। প্রযুক্তির ব্যবহার এবং পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষামূলক চার্টারের মতো উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকেও ডিএইচআরের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে।
ডিএইচআর কর্তৃপক্ষের মতে, ঐতিহ্যবাহী রেল পরিষেবার সঙ্গে আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন উদ্যোগের সমন্বয় দার্জিলিং তথা পূর্ব হিমালয়কে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। হেরিটেজ তকমাকে আরও আকর্ষণীয় করে তুলতে গত কয়েক বছর ধরে নতুন নতুন পরিষেবা চালুর পাশাপাশি বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চলেছে ডিএইচআর। পাহাড়ের সাহিত্য ও সংস্কৃতিকে যুক্ত করে বছরভর হেরিটেজ স্টেশন ও টয় ট্রেনকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, পাহাড়ের সাহিত্য-সংস্কৃতিকে যুক্ত করে সারা বছরই আমরা নানা ধরনের অনুষ্ঠান করছি। এর উদ্দেশ্য, এখানকার সংস্কৃতির টানে দেশ-বিদেশের পর্যটকদের কাছে হেরিটেজ টয় ট্রেনকে আরও আকর্ষণীয় করে তোলা। আমাদের এই উদ্যোগের স্বীকৃতি হিসাবেই আন্তর্জাতিক স্তরে এই সম্মান পাওয়া গিয়েছে। • প্রতীকী ছবি।