Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে বোমা ফেটে দুই শিশু জখমের ঘটনায় এক দুষ্কৃতী গ্রেপ্তার

সামশেরগঞ্জে বোমা ফেটে দুই শিশু জখমের ঘটনায় এক দুষ্কৃতী গ্রেপ্তার
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: সামশেরগঞ্জে বারবার বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কখনও মাঠ, রাস্তার ধারে তো কখনও আমবাগান থেকে জার ভর্তি বোমা উদ্ধার করছে পুলিস। অপরদিকে পড়ে থাকা বোমা বল ভেবে খেলতে গিয়ে তা ফেটে আক্রান্ত হচ্ছে শিশুরা। সোমবার বোমা ফেটে দুই শিশুকন্যা জখম হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি জার ভর্তি তাজা বোমাও বাজেয়াপ্ত করেছে পুলিস। বোমা মজুতের অভিযোগে স্থানীয় যুবক মীর মোজাম্মেল হক ওরফে মদনকে রাতে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার সকালে সামশেরগঞ্জের জোতকাশী এলাকা থেকে ফের দু’টি জার ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিস। একের পর এক বোমা উদ্ধার ও বোমা ফেটে জখমের ঘটনা বেড়েই চলছে। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন এলাকাবাসী। এপ্রসঙ্গে সামশেরগঞ্জ থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, মালঞ্চায় বোমা মজুতের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। সে ঠিক কী উদ্দেশ্যে সেখানে বোমা রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জোতকাশীতে আমবাগানে কারা বোমা মজুত করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সামশেরগঞ্জের জোতকাশীতে আমবাগানে ঝোপের মধ্যে দু’টি প্লাস্টিকের বালতি নজরে আসে এলাকাবাসীর। তা দেখেই সন্দেহ হয় তাদের। গ্রামবাসীরা পুলিসে খবর দেয়। পুলিসে এসে এলাকাটি ঘিরে রেখে বম্ব স্কোয়াডকে খবর দেয়। বোমাগুলি প্লাস্টিকের প্যাকেটে মুড়িয়ে বালতির মধ্যে রাখা ছিল। সেখান থেকে সরানোর সুযোগ না পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অপরদিকে, সোমবার মালঞ্চার আমবাগানে খেলা করছিল দুই শিশুকন্যা। বাগানে দু’টি বালতির মধ্যে রঙিন বলের মতো বস্তু দেখতে পায় তারা। সেগুলি বল ভেবে খেলতে শুরু করে। আচমকাই বিকট শব্দে বোমাগুলি ফেটে যায়। দুই শিশুকন্যা জখম হয়। সেখানে স্থানীয় যুবক মীর মোজাম্মেল হক বোমাগুলি মজুত করেছিল বলে জানতে পারে পুলিস। রাতে যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করবে পুলিস। ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এলাকাবাসী। 
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠে সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায়। একাধিক এলাকা থেকে বোমা উদ্ধার করেছে পুলিস। এছাড়া পড়ে থাকা বোমা ফেটে গিয়ে এখনও পর্যন্ত মোট চারজন শিশু জখম হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ