Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপের মিয়াপাড়া থেকে পানশিলা মোড় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা

নবদ্বীপের মিয়াপাড়া থেকে পানশিলা মোড় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের মিয়াপাড়া থেকে পানশিলা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি সম্পূর্ণ বেহাল। অথচ রাস্তাটি নদীয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে। প্রায় তিন বছর রাস্তাটির কোনও মেরামত হয়নি বলে অভিযোগ। পিচ রাস্তাটির বেশির ভাগ জায়গা ভেঙে গিয়ে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। আবার কোথাও কোথাও পিচ উঠে মাটি বেরিয়ে গিয়েছে। সেই সব গর্তে জমা জলের মধ্য দিয়ে প্রতিদিন সাইকেল, টোটো, মোটর সাইকেল, চারচাকা গাড়িতে বা হেঁটে কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে যাতায়াত করতে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এব্যাপারে পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি।

Advertisement

রাস্তার এই অবস্থায় নবদ্বীপ ব্লকের মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতে মিয়াপাড়া, তালতলা, কানাইনগর, ভালুকা বটতলা সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।  মিয়াপাড়া থেকে ব্রাহ্মণপুরা হয়ে এই রাস্তা ধরে মাজদিয়া-পানশিলা পঞ্চায়েত অফিস, ভালুকা বাজারে যাওয়া যায়। ওইসব গ্রামের পড়ুয়ারা কেউ ভালুকা হাইস্কুল, কেউ শান্তিভূষণ গার্লস স্কুলে যায়। আবার শিমুলগাছি, কুটিরপাড়া, ব্রাহ্মণপুরা, পানশিলা সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা শারীরিক কোনও সমস্যা হলে চিকিৎসার জন্য বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে যেতে ভরসা করেন এই রাস্তায়। মিয়াপাড়া মোড় থেকে রাজ্য সড়ক হয়ে কেউ নবদ্বীপ, কেউবা কৃষ্ণনগরে যান। কৃষিপ্রধান এলাকা হওয়ায় অনেক চাষি তাদের জমির ফসল নিয়ে মুকুন্দপুর সব্জি বাজারে আসেন এই পথে। মিয়াপাড়ার বাসিন্দা টোটো চালক হানিফ মোল্লা বলেন, যা অবস্থা, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। রাস্তার কারণে মাঝে মধ্যেই গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। পানশিলা, আনন্দবাস, শিমুলগাছি, ভালুকা বাজার ভাড়া নিয়ে যেতে হয়। রোজগারের অধিকাংশ টাকা গাড়ি সারানোর পেছনেই খরচ করতে হচ্ছে। 
মাজদিয়া-পানশিলা অঞ্চল সভাপতি তৃণমূলের আজিজ আলি মণ্ডল বলেন, তিন বছর ধরে রাস্তাটি মেরামত হয়নি। প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ যাতায়াত করেন। পঞ্চায়েতের তরফ থেকে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিককে জানানো হয়েছে। এখন যা পরিস্থিতি তাতে কোনও রোগীকে টোটো করে নিয়ে যাওয়া যায় না।
 নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ বলেন, ওই রাস্তাটি সারানোর জন্য জেলা পরিষদকে বারবার জানিয়েছি। কিন্তু এখনও রাস্তাটি মেরামত করা হয়নি। জেলা পরিষদ রাস্তাটি মেরামতি না করলে মানুষের কথা ভেবে আগামী অর্থবর্ষে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেটা মেরামত করে দেওয়া হবে। তবুও জেলা পরিষদের কাছে দাবি জানাচ্ছি, অতি সত্বর রাস্তাটির সংস্কার করে দেওয়া হোক।
নদীয়া জেলা পরিষদের সদস্য অজয় কর বলেন, রাস্তাটি সারানোর ব্যাপারে জেলা পরিষদকে প্রস্তাব পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে সারানো দরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ