সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর জেলা হাসপাতালে একের পর এক সিজারের পর ইনফেকশন ছড়াচ্ছে। আর তাই নিয়ে সোমবার প্রসূতি মায়েদের পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে হাসপাতালে সিজার হওয়া প্রসূতি মায়েদের দ্রুত ইনফেকশন ছড়াচ্ছে। তাঁরা সংক্রমণজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছেন। এক সপ্তাহের মধ্যে ছুটি হওয়ার কথা থাকলেও পুনরায় তাঁদের সংক্রমণের চিকিৎসা করাতে হচ্ছে। অনেকের বাড়াবাড়িও হচ্ছে। আর এনিয়ে তাঁদের মনে আতঙ্ক ছড়াচ্ছে। এব্যাপারে তাঁরা হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি মেডিকেল বোর্ড বসিয়ে সংক্রমণস্থানের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিষ্ণুপুর জেলা হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, আগে সংক্রমণের ঘটনা কম হলেও গত তিন মাস ধরে সিজার হওয়ার প্রসূতি মায়েদের ক্ষতস্থানে ইনফেকশন ছড়ানোর ঘটনা বেড়েছে। এই মূহূর্তে হাসপাতালে ভরতি থাকা পাঁচজন প্রসূতি মায়ের ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়েছে। তাঁদের চিকিৎসাও করা হচ্ছে। এব্যাপারে তিনজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড বসানো হয়। তাঁদের পরামর্শ অনুযায়ী ক্ষতস্থানের নমুনা সংগ্রহ করা হয়েছে। তা বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পাত্রসায়রের বীরসিংহ গ্রামের বাসিন্দা শুভ হালদার বলেন, চলতি মাসের ১৭তারিখে আমার স্ত্রী স্নেহা গড়াই হালদারের সিজার করা হয়। সোমবার নার্সরা ব্যান্ডেজ খুলতে গিয়ে দেখেন যে তাতে ইনফেকশন ছড়িয়েছে। পুনরায় চিকিৎসা শুরু করা হয়েছে। একই দিনে আরও চারজনের সংক্রমণের ঘটনা ঘটেছে। আর কারও ক্ষেত্রে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।
তালডাংরার রাজপুর গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর গিরি বলেন, বিষ্ণুপুরের মাজুরিয়া গ্রামের বাসিন্দা আমার এক বউদি অর্পিতা সাউকে চলতি মাসের ১৫তারিখে সিজার করা হয়। শনিবার ব্যান্ডেজ খোলার সময় দেখা যায় ক্ষতস্থানে ইনফেকশন ছড়িয়েছে। শুধু আমাদের নয়, হাসপাতালে ভরতি থাকা অনেক সিজার রোগীর ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়েছে। তাই রোগীর পরিজনরা মিলে এদিন বিক্ষোভ দেখান।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর জেলা হাসপাতালে মহকুমা ছাড়াও বাঁকুড়া ও খাতড়ার মহকুমার একাংশ এবং পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার বহু গর্ভবতী মহিলা ভরতি হন। দৈনিক ১০থেকে ১৫জন সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। গত কয়েকমাস ধরে হাসপাতালে সিজার হওয়ার রোগীদের মধ্যে সংক্রমণের ঘটনা বাড়তে থাকায় এনিয়ে স্বাস্থ্য আধিকারিকদের মনে উদ্বেগ তৈরি হয়। এমনকি বিষয়টি নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠকেও আলোচনা হয়। তারপর অপারেশন থিয়েটার এবং সরঞ্জাম জীবাণুমুক্ত করার জন্য শোধনের উপর জোর দেওয়া হয়। কিন্তু, তারপরেও সংক্রমণ কমেনি। গত তিনমাসে বহু প্রসূতি মায়ের সিজারের ক্ষতস্থানে সংক্রমণের ঘটনা ঘটেছে। সোমবার এনিয়ে রোগীদের পরিজনদের বিক্ষোভের কারণে তড়িঘড়ি মেডিকেল বোর্ড বসানো হয়। জীবাণুর ধরন জানতে ক্ষতস্থানের নমুনা সংগ্রহ করে বাঁকুড়ায় ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করা হয়।



