হোমিয়োপ্যাথিক কলেজের ফাঁকা ইনডোর নিয়ে প্রশ্ন মন্ত্রী শারদ্বতের
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘কেন হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজগুলির ইনডোর ফাঁকা? ইনডোরে কিন্তু রোগী ভরতি থাকতে হবে। সেই দায়িত্ব চিকিৎসকদেরই নিতে হবে। সকালে কলেজ খুলছে, দুপুরে বন্ধ—এভাবে চলবে না।’ গত শনিবার এক অনুষ্ঠানে এভাবেই চাঁচাছোলা বক্তব্য‌ রাখলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। অনুষ্ঠানে নিজেকে আয়ূষমন্ত্রী বলেও পরিচয় দেন তিনি। 

Advertisement

চিকিৎসাবিদ্যা হিসাবে হোমিয়োপ্যাথির প্রশংসা করে জানান, মডার্ন মেডিসিনে যেখানে ভালো ফলের জন্য ডোজ বাড়ানোর কথা বলা হয়, সেখানে হোমিয়োপ্যাথিক চিকিৎসকরা ‘অল্পই অনেক’ এবং ‘শূন্যই শ্রেষ্ঠ’ এই দুই নীতিতে রোগীর চিকিৎসা করছেন। এই চিকিৎসায় দীর্ঘক্ষণ ধরে রোগীর কাছ থেকে রোগের বিবরণ নেওয়ার নীতিরও ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি আরও বলেন, ‘আমার কাছে হোমিয়োপ্যাথিক ওষুধ নির্মাতারা অভিযোগ করেছেন, তাঁদের ব্যবসাপত্র বন্ধ হওয়ার জোগাড়। কারণ, হোমিয়োপ্যাথিক চিকিৎসকরাই ওষুধ বিক্রি করছেন। তাও আবার বিল ছাড়া! কেন এমন হবে? মডার্ন মেডিসিনে এমন হলে কী ভালো হত?’ মন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে অবশ্য হোমিয়োপ্যাথিক চিকিৎসকদের একাংশের পালটা দাবি, মন্ত্রী সম্ভবত ঠিক বলছেন না। শুধুমাত্র নিজের রোগীদের ওষুধ দেওয়ার আইনি ক্ষমতা হোমিয়োপ্যাথিক শীর্ষ সংস্থা ন্যাশনাল কমিশন ফর হোমিয়োপ্যাথিতেই দেওয়া আছে। 
ওয়েস্ট বেঙ্গল স্টেট হোমিয়োপ্যাথিক প্র্যাকটিশনার্স কনফারেন্স শীর্ষক ওই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, রাজ্যের সব সরকারি হাসপাতালে সন্ধ্যায় (বিকেল ৪টে সন্ধ্যা ৬টা) হোমিয়োপ্যাথি, যোগ এবং আয়ুর্বেদের আউটডোর চালু হবে। তিব্বতি চিকিৎসা প্রণালী সোওয়া রিগপাকে আয়ূষে যুক্ত করারও 
চেষ্টা চলছে।