হাসপাতালে ওষুধ অমিল হলে কর্তৃপক্ষই বাইরে থেকে এনে দেবে রোগীকে, নির্দেশ
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর জেলার বহু মানুষ নির্ভরশীল। আর্থিকভাবে দুর্বল রোগীরা চিকিৎসার জন্য এখানে জন্য আসেন। হাসপাতালের প্রেসক্রিপশনে লেখা কোনো ওষুধ ফ্রি শপে না মিললে এতদিন বাইরে থেকে কিনতে হতো। রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় হাসপাতালে কোনো ও ওষুধ মজুত না থাকলে বাইরে থেকে কিনতে হবে না। প্রয়োজনীয় ওষুধ হাসপাতালই সংগ্রহ করে রোগীর হাতে তুলে দেবে। সোমবার থেকে এই পরিষেবা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পুরোদমে চালু হচ্ছে। হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা জানান, রাজ্য সরকারের নতুন নির্দেশিকা রবিবার থেকে কার্যকর করা হয়েছে। সোমবার থেকে পরিষেবা সম্পূর্ণ চালু হয়ে যাবে।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তর গত ২১ নভেম্বর নতুন  নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখা কোনো ওষুধ হাসপাতালে মজুত না থাকলে রোগী বা তাঁর পরিবারের সদস্যদের বাইরে থেকে তা কিনে আনতে বলা যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষকেই স্থানীয়ভাবে ওষুধ সংগ্রহ করে রোগীর হাতে তুলে দিতে  হবে। আরও বলা হয়েছে, চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখা কোনো ওষুধ বা চিকিৎসার সামগ্রী হাসপাতালের তালিকাভুক্ত না থাকলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন হাসপাতালের এমএসভিপি, নন মেডিক্যাল ডেপুটি সুপারিনটেনডেন্ট অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের কাছে পাঠাতে হবে। নির্ধারিত নিয়ম মেনে হাসপাতাল প্রশাসন স্থানীয়ভাবে সেই ওষুধ বা সামগ্রী কেনার ব্যবস্থা করবেন। 
প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করাও বাধ্যতামূলক। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালের ফ্রি শপে অনেক সময় প্রেসক্রিপশনে লেখা ওষুধ না পাওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি হাসপাতালের তালিকাভুক্ত শহর এলাকার মেডিকেল শপগুলিও রাতে বন্ধ থাকে বলে অভিযোগ রয়েছে। রোগীর পরিবারের সদস্যদের জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে গিয়েও হয়রানির শিকার হতে হয়। ফোন করে খোঁজ নিলেও অনেক সময় ওষুধ নেই বলে জানানো হয়। নিয়ম অনুযায়ী, সপ্তাহের সাত দিন রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত অন্তত একটি মেডিকেল শপ খোলা রাখার কথা। বাস্তবে অধিকাংশ সময় সেই পরিষেবা পাওয়া যায় না। পরের দিন সকাল পর্যন্ত ওষুধের দোকান খোলার অপেক্ষায় থাকতে হয়। ঝাড়গ্রাম শহরের এক বাসিন্দার কথায়, দিন কয়েক আগেই রাতে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। হাসপাতালের ফেয়ার শপ বন্ধ থাকায় বাইরে ওষুধ কিনতে গিয়েছিলাম। কিন্তু সেখানে ওষুধ নেই বলে জানানো হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধের ব্যবস্থা করলে রোগীর পরিবারের হয়রানি অনেকটাই কমবে। বিনপুরের বিধায়ক তথা রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য ডাঃ প্রণত টুড বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে নাইট শেল্টার ভবন চালু করা হয়েছে। রাজ্য সরকার চিকিৎসা ক্ষেত্রে নানা পদক্ষেপ নিচ্ছে। এই উদ্যোগে জেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা উপকৃত হবেন।