নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের নার্সিংহোমগুলিতে কলকাতার পিজি-র থেকেও নাকি ভাল চিকিৎসা হয়! এমনভাবেই মগজধোলাই করে বীরভূম, ঝাড়খণ্ড এবং বিহারের রোগীদের নার্সিংহোমে নিয়ে আসে অ্যাম্বুলেন্স চালকরা। রোগী ঢোকালেই তাদের পকেটে যায় ২৫-৩০ হাজার টাকা। সঙ্গে থাকে নবাবহাটের হোটেলে বিনোদনের ব্যবস্থা। দালালচক্রের খোঁজে নেমে স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের কাছে এমনই তথ্য হাতে এসেছে। তাঁরা জানতে পেরেছেন, একশ্রেণির অ্যাম্বুলেন্স চালকের লোভের জন্যই রোগীদের সমস্যায় পড়তে হয়। বর্ধমান শহরের কয়েকটি নার্সিংহোম অ্যাম্বুলেন্স চালক বা দালালদের উপরই নির্ভরশীল। পরিকাঠামো ভাল না থাকায় স্থানীয় কেউই সেখানে যান না। দালালদের সৌজন্যেই তারা ফুলেফেঁপে উঠছে। দালালদেরও আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠছে।
কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, স্বাস্থ্যদপ্তরে ঘুঘুর বাসা রয়েছে। কোন নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন হবে, সেটা মালিকরা আগেই জেনে যান। স্বাস্থ্যদপ্তরের লোকজন চক্রের সঙ্গে যুক্ত না থাকলে এমনটা হতে পারে না। সবটাই আইওয়াশ। রাঘববোয়ালদের কিছু হবে না। লাইসেন্সের বৈধতা না থাকার পরও এখনও বহু নার্সিহোম চলছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা চাই না কোনো নার্সিংহোম বন্ধ হোক। কিন্তু পরিকাঠামো তৈরি করতে হবে। নিয়মও সকলকে মেনে চলতে হবে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, আমাদের সরকার বহু দালালকে গ্রেপ্তার করেছে। নিয়ম না মানার জন্য নার্সিংহোমও বন্ধ হয়েছে। কোথাও অনিয়ম হলে বিজেপি সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে রহস্য রয়েছে। দু’দিন পরিদর্শন করলেই হবে না। লাগাতার অভিযান দরকার রয়েছে।
বিএমএস নেতা মাধব দাস বলেন, দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগে মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও দালালরা নার্সিংহোমে রোগী নিয়ে যেত। নজরদারি বাড়ানোর জন্য হাসপাতাল চত্বরে অফিস খোলা হয়েছে। স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক বলেন, বর্ধমান শহরে কয়েকটি নার্সিংহোমে ভালভাবেই চিকিৎসা হয়। সেগুলি দালালদের উপর নির্ভরশীল নয়। সেগুলি নিয়ে প্রশ্ন নেই। কিন্তু যেসব নার্সিংহোমে পরিকাঠামো নেই সেগুলি দালাল এবং একশ্রেণির অ্যাম্বুলেন্স চালকদের কাজে লাগায়। অ্যাম্বুলেন্সে ওঠার পর রোগীর পরিবারের লোকজনের মাথা কাজ করে না। তাঁদের একটাই লক্ষ্য থাকে, রোগীকে সুস্থ করা। সেই সময় অ্যাম্বুলেন্স চালক যেটা বলে সেটাই বিশ্বাস করেন।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, অনেক নার্সিংহোমে চিকিৎসকদের তালিকা ঝোলানো থাকে। সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসক নার্সিংহোমে আসেন বলে দাবি করা হয়। কিন্তু উলটোটাই হয়। স্বাস্থ্য কমিশনের সদস্য নারায়ণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বর্ধমানে এসে বলেন, একজন চিকিৎসক কখনোই ১০টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত থাকতে পারে না। সেটাও বর্ধমানে কীভাবে হচ্ছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।



