সংবাদদাতা, দুর্গাপুর: মঙ্গলবার অণ্ডাল থানার নব কাজোড়া এলাকায় সরস্বতী পুজোর একটি অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিকে ঘিরে বিপত্তি ঘটল। প্রধান অতিথি সহ চারজন পুজো উদ্যোক্তাকে ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ওই অভিযুক্ত যুবকরা প্রধান অতিথি সহ ওই পুজো উদ্যোক্তাদের বাড়িতেও হামলা চালায়। ছুরির আঘাতে জখম চারজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী আসে। পুলিস ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে। ঘটনায় অভিযুক্ত আরও দু›জন পলাতক। ধৃতদের নাম সাহিল সিং ও যোগীন্দর প্যাটেল। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক সাহিলকে চারদিনের পুলিসি হেফাজত ও যোগীন্দরকে জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার কুড়মিপাড়ায় একটি সরস্বতী পুজো উপলক্ষে পাড়ার শিশুদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় সফল শিশুদের রাতে অনুষ্ঠানের মধ্যে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পাশের এলাকার রাজকুমার কাহার নামে একজনকে আমন্ত্রণ করা হয়। রাজকুমারবাবু পুজো মণ্ডপে আসতেই এলাকার কয়েকজন যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা দাবি করে বহিরাগত কাউকে দিয়ে পুরস্কার দেওয়া যাবে না। এই নিয়ে বচসা শুরু হয়। প্রধান অতিথিকে নিয়ে টানা হ্যাঁচড়া শুরু হয়। অভিযোগ, সাহিল, সানি ও যোগীন্দর সহ আরও একজন পুজো কমিটির লোকজনকে মারধর শুরু করে। ছুরি দিয়ে তিনজনকে আঘাত করা হয়। প্রধান অতিথিকে মারধর করার অভিযোগ ওঠে। জখম অবস্থাতেই ওই যুবকরা থানায় যায়। পুলিসের কাছে দোষীদের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় বাসিন্দা বিমলেশ কুমার বলেন, সাহিল সহ ওই যুবকরা এলাকায় দাদাগিরি করে। তারা আমাদের প্রধান অতিথিকে মারধর করেছে। জাতিবিদ্বেষ নিয়েই সমস্যা হয় তাদের। এছাড়াও তিনজন পুজো উদ্যোক্তাকে ছুরি মারা হয়েছে। তাদের বাড়িতেও হামলা চালায়।
জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, নিন্দাজনক ঘটনা। দোষীদের উপযুক্ত শাস্তির জন্য পুলিস প্রশাসনকে বলা হয়েছে। এসিপি(অণ্ডাল) পিন্টু সাহা বলেন, অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জন পলাতক আছে। একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, নিন্দাজনক ঘটনা। দোষীদের উপযুক্ত শাস্তির জন্য পুলিস প্রশাসনকে বলা হয়েছে। এসিপি(অণ্ডাল) পিন্টু সাহা বলেন, অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জন পলাতক আছে। একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



