সংবাদদাতা, দুর্গাপুর: ‘মূর্খ’ চোরের কীর্তিতে হাসিররোল পড়ল অণ্ডাল থানার উখড়ায়। একটি লটারির দোকানের অ্যাসবেসটসের চাল ভেঙে নতুন ভেবে বাতিল হওয়া টিকিট নিয়ে গেল চোর। ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যবসায়ীদের মধ্যে হাসাহাসি শুরু হয়। লটারি বিক্রেতা বলেন, ওই চোর তাঁর দোকানের অ্যাসবেসটস ভেঙে কেবল আর্থিক ক্ষতি করে চলে গিয়েছে। ক্যাশবাক্সে থাকা সব খুচরো মিলিয়ে ১০০ টাকা পেয়েছে। আর বাতিল হওয়া টিকিট নিয়ে গিয়েছে। পুলিস ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, উখড়া বাজপাই মোড় সংলগ্ন মাধাইগঞ্জ যাওয়ার রাস্তার পাশেই রয়েছে লটারির দোকানটি। ওই দোকানের মালিক শেখ করিম। তিনি প্রায় ১০ বছর ধরে লটারির টিকিট বিক্রি করেন। অ্যাসবেসটসের চালা দেওয়া কংক্রিটের দোকান। প্রায় ৫ বছর আগে তাঁর দোকানের অ্যাসবেসটস ভেঙে চুরির ঘটনা ঘটেছিল। যদিও সেসময় চোর চুরি করার মতো তেমন কিছুই পাইনি। কিন্তু তখনও অ্যাসবেসটস ভাঙায় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন করিম সাহেন। ফের একই রকমভাবে ক্ষতির সম্মুখীন হলেন বলে তিনি জানান। করিম সাহেব বলেন, মূর্খ চোর কোটিপতি হতে অবিক্রিত অর্থাৎ ‘আনসোল্ড’ টিকিট নিয়ে গিয়েছে। যার বাজার মূল্য বাতিল হওয়ার আগে পর্যন্ত ৩০০ টাকা ছিল। ওই ‘আনসোল্ড’ টিকিটের নম্বরে কোনও খেলা হবে না। আর ক্যাশবাক্স থেকে খুচরো টাকা নিয়ে গিয়েছে। আমি কোনও দিনই দোকানে টাকাপয়সা রাখিনা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। সামনের একটি ফার্নিচারের দোকানেও অ্যাসবেসটস ভাঙার চেষ্টা চালিয়েছিল। পুলিস এসে দেখে গিয়েছে।



