সংবাদদাতা, দুর্গাপুর: রবিবার রাতে অণ্ডাল থানার সাউথবাজার এলাকায় অণ্ডাল মহাবীর হাইস্কুলে চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা একটি গেটের তালা ও দরজার তালা কেটে ঢুকে আলমারি ভাঙে। কোনও টাকাপয়সা না মেলায় সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সোমবার স্কুলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্কুল কর্তৃপক্ষ পুলিসে খবর দেন। পুলিস তদন্ত শুরু করেছে। এদিন সকালে স্কুলের এক সাফাই কর্মী দেখেন স্কুল ভবনের একটি গেটের তালা ভাঙা। এরপর ভিতরে ঢুকে দেখেন স্টাফরুমের দরজার তালা ভাঙা। ভিতরের আলমারিও ভাঙা। তিনি সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে ফোন করে ঘটনার কথা জানান। প্রধান শিক্ষক কমলেশ শর্মা বলেন, আলমারিতে টাকাপয়সা ছিল না। তাই দুষ্কৃতীরা সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে চম্পট দিয়েছে। তবে এখনও খতিয়ে দেখা হয়নি কোনও গুরুত্বপূর্ণ নথি চুরি গিয়েছে কি না। পুলিসে মৌখিক অভিযোগ জানানো হয়েছে।



