Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালে ইসিএলের পরিত্যক্ত আবাসনে উচ্ছেদের নোটিস

অণ্ডালে ইসিএলের পরিত্যক্ত আবাসনে উচ্ছেদের নোটিস
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার মধুজোর কোলিয়ারিতে পরিত্যক্ত আবাসনে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের নোটিস দিল ইসিএল কর্তৃপক্ষ। ফলে প্রায় ৮০টি পরিবার বিপাকে পড়েছে। ওই পরিবারগুলি বৃহস্পতিবার দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে পুনর্বাসনের দাবি করেন। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন পাঞ্চায়েত প্রধান। জানা গিয়েছে, মধুজোর কোলিয়ারির ৫/৬ নম্বর পিট এলাকায় ইসিএল কর্মীদের থাকার জন্য শতাধিক ইসিএলের আবাসন রয়েছে। ওই সমস্ত আবাসনগুলি অধিকাংশই দখল করে বহিরাগত লোকজন বসবাস করেন। বিক্ষোভকারী সঞ্জয় মণ্ডল, শম্পা রুইদাস ও বুলু রায় বলেন, আমাদের ঘরবাড়ি কিছু নাই। ইসিএলের ওই সমস্ত আবাসনে আমরা প্রায় ৩০ বছর ধরে বসবাস করে আসছি। এখন ওই এলাকায় কয়লা খাদান করবে ইসিএল। কর্তৃপক্ষ প্রায় প্রতিদিন এসে আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। জেসিবি মেশিন দিয়ে আবাসন ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের আবাসন ছাড়ার জন্য প্রতিদিন মাইকিং করা হচ্ছে। আমরা এই মুহূর্তে পরিবার নিয়ে কোথায় ঠাঁই নেব? আমরা সকলে দিনমজুর। ইসিএলকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এনিয়ে পঞ্চায়েত প্রধান অনন্ত ঘোষ বলেন, ওই এলাকার বাসিন্দারা একটা বাসস্থানের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন। সম্পূর্ণ বিষয়টি ইসিএলের। কিন্তু ৮০টি পরিবার যাবে কোথায়? আমরা সম্পূর্ণ বিষয়টি বিডিও এবং ইসিএল কর্তৃপক্ষকে জানাব। এই বিষয়ে অণ্ডালের বিডিও দেবাঞ্জন দত্তকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। মেসেজ করলেও উত্তর পাওয়া যায়নি। ইসিএলের কজোড়া পার্সোনাল এরিয়া ম্যানেজার অর্পণ ঘোষ বলেন, মধুজোর এলাকাটি ‌঩ইসিএলের। সেখানে আমাদের আবাসন দখল করে ৬৬টি পরিবার অবৈধভাবে বসবাস করছিল। সমীক্ষায় ৬৬টি পরিবার ছিল। নোটিস দেওয়ার পর থেকে বেড়ে বেড়ে ৯২টি পরিবার হয়েছে। তাদের আবাসন ছাড়ার কথা বলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ