Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডাল বিমান বন্দরের রাস্তার কাজ আটকে বিক্ষোভ জমিদাতাদের

অণ্ডাল বিমান বন্দরের রাস্তার কাজ আটকে বিক্ষোভ জমিদাতাদের
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের রাস্তার কাজ আটকে শনিবার বিক্ষোভ দেখালেন জমিদাতারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষ জমিদাতাদের যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, প্রায় ১৬ বছর পার হয়ে গেলেও তা পূরণ হয়নি। পাশাপাশি রাস্তা নির্মাণের জন্য জোরপূর্বক জমি দখল করা হচ্ছে। সমস্যা সমাধানের জন্য বিডিওকে লিখিতভাবে জানালেও কোনও সুরাহা হয়নি। এদিন বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে প্রশাসন বৈঠক করার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। বিক্ষোভকারী সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দর গড়তে বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্টস লিমিটেড (বিএপিএল) প্রকল্পের কাজ শুরু করে। ২০০৮ সালে অণ্ডাল থানা ও ফরিদপুর থানা এলাকার বাসিন্দাদের জমি অধিগ্রহণ শুরু হয়। প্রায় ১১টি মৌজা থেকে প্রায় ২৩০০ একর জমি অধিগ্রহণ করে বিমানবন্দর সহ বিমান নগরী তৈরি হয়। 
Advertisement
বিক্ষোভকারী জমিদাতা আশিস পাল ও অসীম গোপ বলেন, ওই সময়ে বিএপিএল কর্তৃপক্ষ জমিদাতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছিল। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক বিঘা জমি প্রতি বিমানবন্দরের ভেতরে ব্যবসা করার জন্য এক কাঠা করে জমি প্রদান করা হবে জমিদাতাদের। পাশাপাশি বিমান নগরীতে কর্মসংস্থানের জন্য এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয় মুচিপাড়া আইটিআই থেকে। কিন্তু কোনও কাজে তাঁদের নিযুক্ত করা হয়নি। আমাদের দক্ষিণখণ্ড মৌজার জমিদাতাদের প্রায় ১০ বিঘা জমি নিয়ে জটিলতা থাকায় সেই সময় বিএপিএলকে দেওয়া হয়নি। সেই জমির ওপর জোরপূর্বক কংক্রিটের রাস্তা তৈরি করা হচ্ছে। এদিন বিশাল পুলিস ফোর্স ও কমব্যাট ফোর্স নিয়ে সুকৌশলে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে। আমরা বিষয়টি ব্লক প্রশাসনকে বলেছিলাম। পুলিস, বিডিও ও ভূমি রাজস্ব দপ্তর নিয়ে একটি কমিটি গঠন করে সমস্যা সমাধানের আশ্বাস মেলে। আমরা কয়েকদিন আগেও বিডিওকে লিখিতভাবে সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি। আগামী দিনে আমরা ১১টি মৌজার জমিদাতারা মিলে বৃহত্তর আন্দোলন করব। এই বিষয়ে অণ্ডালের বিডিও দেবাঞ্জন দত্তকে ফোন ও এসএমএস করলে তিনি কোনও উত্তর দেননি।
সম্পর্কিত সংবাদ