সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার উখড়ায় রবিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পঞ্চায়েত সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃতার নাম গায়ত্রী বার্নওয়াল(৪১)। তাঁর ভাই গুড্ডু বার্নওয়ালও তড়িদাহত হয়ে জখম হন। তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখড়া পঞ্চায়েতের সদস্য লালা বার্নওয়ালের স্ত্রী গায়ত্রীদেবী। উখড়া গ্রামের কাঁকড়াডাঙ্গায় তাঁদের বাড়ি। এদিন সকালে ওই মহিলা উঠোন পরিষ্কার করছিলেন। সেখানে পড়ে থাকা বিদ্যুৎবাহী তার অসাবধানতাবশত ধরতেই গায়ত্রীদেবী বিদ্যুৎষ্পৃষ্ট হন। তাঁর সম্পর্কিত ভাই গুড্ডু তড়িঘড়ি ছুটে আসেন। তিনিও তারটি ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দু’জনকেই খান্দরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক গায়ত্রীদেবীকে মৃত বলে ঘোষণা করেন।



