সংবাদদাতা, দুর্গাপুর: একটি মারধরের ঘটনায় বুধবার একজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে অণ্ডাল থানার পুলিস। ধৃতের নাম রাজেশকুমার তাঁতি। তার বাড়ি মধুসূদনপুর কোলিয়ারি এলাকায়। ধৃতের বাড়ি থেকে একটি দেশি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৩ তারিখে কাজোড়া এলাকায় মারপিটের একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় ধৃত রাজেশের বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু ওই দিন থেকে সে পলাতক ছিল। বুধবার গভীর রাতে পুলিস বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আগ্নেয়াস্ত্র ও কার্তুজও উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র রেখেছিল তা জানতে তাকে হেফাজতে নিয়েছে পুলিস।



