নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ওন্দায় ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তি জখম হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুমারডাঙা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বালি ভর্তি একাধিক ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। পরে ওন্দা থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পুলিস আধিকারিক বলেন, এদিন সকালে বছর চল্লিশের ওই ব্যক্তি বাজারে সব্জি বিক্রি করতে যাচ্ছিলেন। ওইসময় একটি বালি ভর্তি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। তাঁর পায়ের হাড় ভেঙে যায়। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর জখমকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। পুলিসি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক বিক্ষোভকারী বলেন, দ্বারকেশ্বর নদ থেকে বিনা চালানে ট্রাক্টরে বালি পাচার করা হচ্ছে। বালি ভর্তি ট্রাক্টরের বেপরোয়া গতির কারণে মাঝেমধ্যেই এলাকায় দুর্ঘটনা ঘটছে। সেই কারণে এদিন আমরা বিক্ষোভ দেখিয়েছি।



