নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার রাতে ওন্দা থানার রতনপুর এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম বচ্চন বাউরি(২৬) ও মিঠুন মাল(৩২)। তাঁদের বাড়ি ছাতনা থানা এলাকায়। জানা গিয়েছে, ওইদিন রাত ৮টা নাগাদ বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে পিকআপ ভ্যানটি যাচ্ছিল। তালডাংরার দিক থেকে বাঁকুড়া শহরের দিকে বাইকটি আসছিল। বাইকে বচ্চন ও মিঠুনের সঙ্গে আরও এক যুবক ছিলেন। দ্রুতগতির ওই পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক আরোহী তিন যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে বচ্চন ও মিঠুনের মৃত্যু হয়। মঙ্গলবার মেডিক্যালের মর্গে দেহ দু’টির ময়নাতদন্ত হয়। বাঁকুড়ার অতিরিক্ত পুলিস সুপার(সদর) সিদ্ধার্থ দর্জি বলেন, ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। ভ্যানটির চালক পলাতক।



