নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার ভোরে ওন্দায় চলমান ট্রাকের পিছনে পর্যটক বোঝাই একটি মিনি বাস ধাক্কা মারায় সাতজন জখম হন। এদিন ভোর ৪টে নাগাদ ওন্দা থানার ভেদুয়াশোল এলাকায় ঘটনাটি ঘটে। ওন্দা থানার এক আধিকারিক বলেন, কলকাতার বিরাটি এলাকা থেকে ২৬ জনের একটি পর্যটক দল দুর্ঘটনাগ্রস্ত মিনি বাসটিতে চেপে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যাচ্ছিল। ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বাস চালক ওই ট্রাকটিকে ধাক্কা মারে। হাম্পের কাছে ট্রাকের চালক ব্রেক কষার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনায় সাতজন জখম হন। তাঁদের উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়।



