Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনুব্রতর উপস্থিতিতেই ১৬ নভেম্বর তৃণমূলের কোর কমিটির বৈঠক

অনুব্রতর উপস্থিতিতেই ১৬ নভেম্বর তৃণমূলের কোর কমিটির বৈঠক
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বোলপুর: জল্পনার অবসান। আগামী ১৬ নভেম্বর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতেই অনুষ্ঠিত হতে চলছে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক। সেই বৈঠকে কোর কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৈঠকটি বোলপুরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার বোলপুরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। ফলে বিজয়া সম্মিলনিতে কেষ্ট-কাজলের মুলাকাত না হলেও আসন্ন বৈঠকে দু’জনকে একসঙ্গে দেখা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তিহার জেল থেকে ফেরার পরপরই অনুব্রত ও কাজলের বিভিন্ন বিষয়ে মতানৈক্য সামনে আসে। বিষয়টিকে কটাক্ষ করে বিরোধীরাও আসরে নামে। সেই ঘটনাক্রম পেরিয়ে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার বীরভূম জেলার তৃণমূলের নতুন সমীকরণ কী হয়, সেদিকেই তাকিয়ে সকলে। 
Advertisement
গোরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত বীরভূম জেলায় তৃণমূল নেতৃত্বের কাছে অনুব্রত মণ্ডলের নির্দেশ ছিল শেষ কথা। কিন্তু তাঁর জেলবন্দির ঘটনায় অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে রাজ্য নেতৃত্ব। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমের দায়িত্ব নেন। জেলার বিভিন্ন প্রান্তের নেতাদের নিয়ে তৈরি করেন কোর কমিটি। তবে, লোকসভা নির্বাচনের পর ফের কোর কমিটির রদবদল করেন তিনি। বর্তমানে ওই কমিটিতে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূলের জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ। গত দু’বছর ধরে এই কোর কমিটি সফলভাবে দায়িত্বভার পালন করেছে। তাঁদের অগ্নিপরীক্ষা ছিল পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন। সেখানে সসম্মানে উত্তীর্ণ হওয়ায় রাজ্য নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রীর কাছে কোর কমিটির সদস্যদের গুরুত্ব বাড়ে। লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী কালীঘাটের বৈঠকে বীরভূমে তাঁদের সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনের পর থেকেই কোর কমিটি নিয়ে জেলা নেতৃত্বে সমন্বয়ের অভাব দেখা দেয়। কোর কমিটিকে উহ্য রেখে বিজয়া সম্মিলনির তারিখ নির্ধারণ করেন খোদ জেলা সভাপতি। এতেই তরজা শুরু হয়। ফলে কোনও সম্মিলনিতেই অনুব্রত-কাজলকে একসাথে দেখা যায়নি। এই খবর রাজ্যের কানে যেতেই নড়েচড়ে বসে শীর্ষ নেতৃত্ব। সঙ্গে সঙ্গে জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে কোর কমিটির বৈঠক ডাকার জন্য আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীকে নির্দেশ দেন। এর মাঝে জেলা পরিচালনা নিয়ে বিভিন্ন বিষয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কাজল ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক কবে হবে সে নিয়েও প্রশ্ন তোলেন। এরপরেই শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। সেখানে তিনি বলেন, বিভিন্ন পুজো চলার কারণে কোনও বৈঠক আয়োজন করা যায়নি। তাই, আগামী ১৬ নভেম্বর বোলপুরের তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই বৈঠকে কোর কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত থাকবেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সকল সদস্যকে তা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে জেলা সংগঠনকে আরও মজবুত করতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি, বিভিন্ন বিষয়ে পর্যালোচনাও করা হবে। আমরা সবাই একটা পরিবার। আলোচনা ও সকলের সম্মতিতে সাংগঠনিক বিষয়টিকে এগিয়ে নিয়ে যাব। কাজল-অনুব্রতকে একসঙ্গে কি দেখা যাবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবাই মিলেই বৈঠকে উপস্থিত থাকব। 
সম্পর্কিত সংবাদ