সংবাদদাতা, বোলপুর: শনিবার ওয়েবকুপার সভায় বাম-অতিবাম পড়ুয়াদের হামলা ঘিরে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই আবহেই রবিবার বিশ্বভারতীর ২০০ জন এসএফআই সমর্থক তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করলেন। এদিন বোলপুরে শাসকদলের কার্যালয়ে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন এসএফআইয়ের বীরভূম জেলা কমিটির সদস্য তথা বোলপুরের পর্যবেক্ষক কাজি মহম্মদ আকাশ ও বোলপুর শহর ও ব্লকের যুগ্ম সম্পাদক প্রবাল ঘোষ। অনুব্রতবাবু বলেন, এই যোগদানের ফলে বিশ্বভারতীতে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন আরও মজবুত হল।
Advertisement
এই মুহূর্তে বিশ্বভারতীতে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ সক্রিয়ভাবে রাজনীতি করছে। কিন্তু এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ কয়েকবছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। ২০০৮ সালে শেষবার নির্বাচন হয়েছিল। ফলে বহুদিন ধরে ছাত্রছাত্রীদের নানা সমস্যায় পড়তে হয়েছে। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন তাঁর তুঘলকি আচরণে এই দুই ছাত্র সংগঠন বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করেছে। তবে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করে ক্রমেই সক্রিয় হচ্ছে টিএমসিপি। এই প্রেক্ষাপটে বেশ কিছুদিন ধরেই বিশ্বভারতীর ক্যাম্পাসে ঘরোয়াভাবে প্রচার শুরু করেছিলেন তৃণমূলের বীরভূম জেলা মুখপাত্র জামশেদ আলি খান। তাতে সাড়া দিয়ে শাসকদলে যোগ দিয়েছেন এসএফআইয়ের এই কর্মী-সমর্থকরা। তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রাজ্য সভাপতি দেবব্রত ওরফে গগন সরকার বলেন, তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন মজবুত হওয়ায় এবার কেন্দ্রের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা হবে।



