দীপাবলির দিনেই আলো জ্বলল তারকেশ্বরের আদিবাসীপাড়ায়
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: স্বাধীনতার ৭৯ বছর পর দীপাবলির দিনেই আলো জ্বলে উঠল তারকেশ্বরের আস্তাড়া-দত্তপুর পঞ্চায়েতের চাকদহ গ্রামের আদিবাসীপাড়ায়। রবিবার এই এলাকার প্রায় ১০০টি পরিবার পেল বিদ্যুৎ সংযোগ। স্বভাবতই খুশির হাওয়া গোটা গ্রামে। 

Advertisement

১৯৯৮ সাল থেকে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের ১৬০ নম্বর বুথে আইনসভার সব ভোটেই জয় পেয়েছে বিজেপি। এই পাড়ার ৯৫ শতাংশ মানুষ আদিবাসী সম্প্রদায়ের। বামফ্রন্টের আমলে না ছিল রাস্তা, না ছিল বিদ্যুৎ। তৃণমূলের সময় রাস্তা তৈরি হলেও বিদ্যুৎ সংযোগ হয়নি। কয়েক বছর আগে বিদ্যুতের খুঁটি বসেছিল এলাকায়। ওই খুঁটি দেখে গ্রামের মানুষ ভেবেছিলেন, হয়ত এবার বাড়ি বাড়ি আলো জ্বলবে। গত কয়েক বছর সেই আশাতেই বসেছিলেন তাঁরা। গ্রামে ছিল না কোনো সরকারি পানীয় জলের ব্যবস্থা। বিদ্যুৎ আসায় এবার সরকারিভাবে একটি পানীয় জলের প্রকল্প চালু হয়েছে। দীপাবলিতে বাড়ি বাড়ি জ্বলেছে আলো। গ্রামের বাসিন্দা রুইবারি টুডু, মঙ্গল হাঁসদা বলেন, গ্রামে বিদ্যুৎ আসায় সকলেই খুশি। ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়াশোনা, বৈদ্যুৎচালিত পাখা ব্যবহার করা যাবে এবার। পানীয় জল পেতেও সুবিধা হবে।
বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা হওয়ায় এদিন তারকেশ্বরের বিধায়ক সন্তু পানকে সংবর্ধনা দেন গ্রামবাসীরা। বিধায়ক বলেন, ১৯৯৮ সাল থেকে এই বুথে জয়লাভ করছে বিজেপি। এই গ্রামের বাসিন্দা সনাতন হাঁসদা রামমন্দির তৈরির সময় করসেবকের কাজ করেছিলেন। এই অপরাধে বিদ্যুতের খুঁটি পড়লেও গ্রামে বিদ্যুৎ আসেনি। নির্বাচনের সময় আমি কথা দিয়েছিলাম, জিতলে আগে বিদ্যুৎ সংযোগ দেব। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানোর পর বিদ্যুৎ দপ্তরকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।