উৎসবের তৃতীয় দিন সারারাত রাসমঞ্চে থাকেন রাধাগোবিন্দ, চলে কিলো কিলো বাতাসা লুটও
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার ইতিহাসপ্রসিদ্ধ কাশীপুর রাসবাটিতে ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১৩ দিনের মহা রাস উৎসব। কাশীপুর রতনবাবু রোডে এই রাস উৎসবকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে। মন্দিরের সেবায়েত তুষার দে জানান, ‘রাস উৎসবের          তৃতীয় দিনে মূল মন্দির থেকে আনা রাধা‑কৃষ্ণের যুগল মূর্তি সুসজ্জিত সিংহাসনে বসানো হয়। সারারাতব্যাপী  রাসমঞ্চে এই বিগ্রহ থাকে ভক্তদের দর্শনের জন্য। চলে নানা পুজো‑পাঠ। সঙ্গে চলে কেজি কেজি বাতাসা লুট। তা পাওয়ার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। রাস উৎসবকে ঘিরে চলে আতসবাজি প্রদশর্নী। যা দেখতে সেখানে ভিড় জমে যায়।’ তুষারবাবুর স্ত্রী গোধূলি দে বলেন, ‘রাস উৎসব ঘিরে প্রতিদিন রাধা‑কৃষ্ণের মূর্তির পোশাক পাল্টানো হয়। পড়ানো হয় নতুন পোশাক। সাজানো হয়ে থাকে নানা সুগন্ধি ফুলে। ছড়ানো হয় প্রায় ১৫ রকমের সুগন্ধি। ঠাকুরকে নিবেদন করা হয় নানা ধরনের ভোগ। প্রতিদিন ভোগের তালিকা থাকে ভিন্ন।’ এই রাসবাটির শ্রীকৃষ্ণের নাম গোপীনাথ। এই নামেই তিনি নিত্যপুজো পেয়ে থাকেন।’

Advertisement

দীর্ঘ সময় ধরে এই রাস উৎসবকে ঘিরে কাশীপুর রাসবাটি প্রাঙ্গণে হত শ্রীকৃষ্ণের জীবন‑বৃত্তান্ত নিয়ে নানা মডেলের মাধ্যমে প্রদর্শনী। গত দু’বছর ধরে তার পরিবর্তন ঘটানো হয়েছে। এখন রামায়ণের নানা কাহিনি নিয়ে সাজানো হয়ে থাকে এই প্রদর্শনী। বিভিন্ন সুসজ্জিত মডেলের তলায় লেখা থাকে রামায়নের নানা কথা ও কাহিনী। উৎসবকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় থাকে নানা পুজো‑পাঠ, নাম সংকীর্তন, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। রাসবাটি চত্বর ছাড়াও রতনবাবু রোড সংলগ্ন বিশাল এলাকাজুড়ে বসে শতাধিক নানা পসরা সাজিয়ে দোকানপাট। ছোটদের জন্য থাকে নানা খেলার সামগ্রী। ইতিমধ্যে রাসমঞ্চ, নাটমন্দির, রাসবাটি সহ সেখানকার নানা স্থান রং ও সাজগোজের কাজ চলছে। উত্তর কলকাতার যে সমস্ত নানা ইতিহাস প্রসিদ্ধ দ্রষ্টব্য আছে তার মধ্যে কাশীপুর রাসবাটি অবশ্যই একটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য। প্রয়াত ইতিহাসবিদ অজিত সেনের বরানগর আঞ্চলিক ইতিহাস গ্রন্থে কাশীপুরের এই রাসবাটির সম্পর্কে নানা তথ্য সমৃদ্ধ বিবরণ রয়েছে। এছাড়া আঞ্চলিক পত্র‑পত্রিকাতেও আছে বহু ইতিহসের সাক্ষী এই রাসবাটির নাম।  ফাইল চিত্র