Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অমলপন্থী গ্রেটার থাকছে না কেএসডিসির কর্মসূচিতে

অমলপন্থী গ্রেটার থাকছে না কেএসডিসির কর্মসূচিতে
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আপাতত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের (কেএসডিসি) কর্মসূচিতে থাকছে না অমলপন্থী দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সম্প্রতি পৃথক রাজ্য সহ একাধিক দাবিতে তারা কেএসডিসি’র সঙ্গে যৌথভাবে কোচবিহারে মিছিল করেছিল। সেই মিছিলে কেএলও সুপ্রিমো জীবন সিংহের ছবি নিয়ে মিছিল করা হয়েছিল। কিন্তু ওই কর্মসূচির পর থেকে আপাতত তারা আর কেএসডিসি’র সঙ্গে কোনও যৌথ কর্মসূচিতে থাকছে না। 
Advertisement
এক্ষেত্রে পুলিস, প্রশাসনের চাপকেই দায়ী করছে ওই দুই সংগঠন। কিন্তু গ্রেটারের এই সিদ্ধান্ত যাই হোক না কেন জীবন সিংহকেই ‘আইকনিক লিডার’ হিসেবে সামনে রেখে উত্তরে আরও সংগঠিত হচ্ছে কেএসডিসি। পৃথক কামতাপুর রাজ্য গঠন, কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন দাবিতে অসম, উত্তরবঙ্গ ও বিহারের একাংশের বেশ কয়েকটি সংগঠনকে এক ছাতার তলায় আনার উদ্যোগ নিয়েছে এই সংগঠন। তাদের দাবি, জীবন সিংহ জাতীর ‘আইকনিক লিডার’। সেটা কেন্দ্রও মেনে নিয়েছে। কেন্দ্রের সঙ্গে তাঁর ‘পিস টক’ চলছে। সেই প্রক্রিয়া বাস্তবায়িত করাই তাদের লক্ষ্য। 
এদিকে, সোমবারই কেএলও (কেএন)-এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াংচু কোচ। সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকারের সঙ্গে কেএলও ও কেএলও (কেএন) নেতৃত্ব সাত দফায় চূড়ান্ত পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। এখন শুধু চুক্তিবদ্ধ হওয়া বাকি। কামতাপুর সুরক্ষা সমিতির নেতৃত্বে ২৮টি কামতাপুরী জাতীয় দল সংগঠনে এই চুক্তির সমর্থনে জীবন সিংহকে আইকনিক ও অদ্বিতীয় জাতীয় নেতার স্বীকৃতি প্রদান করেছে। 
ওই প্রেস বিজ্ঞপ্তিতে কেএল, কেএলও (কেএন) এর সঙ্গে শান্তিচুক্তি সকলের জন্য কেএলও চিফ জীবন সিংহকে সামনে রেখে গঠন হওয়া কেএসডিসি’র পতাকার নীচে সমগ্র কামতাপুরী, নস্য শেখ, ঐক্যবন্ধ হয়েছে দেখে ভয় পাচ্ছে। দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অমলচন্দ্র দাস বলেন, আমাদের মূল উদ্দেশ্য মার্জার এগ্রিমেন্ট কার্যকর করা। সেই কারণেই তাঁদের সঙ্গ দেওয়া। ৯ ডিসেম্বর খুব কম সময়ের জন্য ওদের সঙ্গে ছিলাম। সেই দিনের ডেপুটেশনই শেষ। সেই মঞ্চও শেষ। শুধু ওই দিনের জন্যই আমরা কাছাকাছি এসেছিলাম। আপাতত কেএসডিসি’র কোনও কর্মসূচিতে আমরা থাকছি না। ভালো কিছু হলে তখন আবার দেখা যাবে। 
কেএসডিসি’র সভাপতি তপতী মল্লিক বলেন, আমরা আমাদের মতো সাংগঠনিক কাজ চালাচ্ছি। আলোচনা চলছে। আমরা তিনটি দাবিতে কোচবিহারে মিছিল করেছিলাম। এখন প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেক নেতাকে বারবার ডাকা হচ্ছে। সেই কারণেই এমনটা হচ্ছে। তবে আমরা জীবন সিংহকে জাতির আইকনিক লিডার হিসেবে সামনে রেখেই একত্রিত হয়েছিলাম। ভারত সরকার সেই চিঠি গ্রহণও করেছিল। কেএসডিসি গণতান্ত্রিক সংগঠন।
সম্পর্কিত সংবাদ