লন্ডন: বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যশালী ইংল্যান্ডের স্টেডিয়ামে ওয়েম্বলি। বিশ্বকাপ ও ইউরোর মতো মেগা ইভেন্টের ফাইনাল আয়োজিত হয়েছে এখানে। এবার সেই স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন নিভল ফ্লাডলাইট। আর তাতেই মুখ পুড়ল ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। বুধবার মহিলা নেশনস লিগে ইংল্যান্ড বনাম স্পেনের ম্যাচ চলাকালীন দ্বিতীয়ার্ধে ঘটে এই ঘটনা। যার ফলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ফ্লাডলাইট নিভলেও হোর্ডিং ও কর্পোরেট বক্সের আলো জ্বলছিল। অবশেষে মাঠের আলো ফেরায় শুরু হয় খেলা। ম্যাচের প্রথমার্ধে করা জেস পার্কের একমাত্র গোলে জয় পায় ইংল্যান্ড। উল্লেখ্য, ২০২৩ সিডনি মহিলা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দু’দল। সেবার ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল স্পেন। বুধবার ঘরের মাঠে নেশনস লিগের আসরে সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নিল ইংল্যান্ড মহিলা দল।



