সংবাদদাতা, পুরাতন মালদহ: বাম আমলে পুরাতন মালদহ পুরসভার ‘বেহুলা রিভার বিউটিফিকেশন স্কিম’ আজও বাস্তবায়িত হল না। পর্যটনের স্বার্থে বেহুলা নদীর দহরঘাট দ্রুত সাজিয়ে দেওয়ার দাবি উঠছে। তৃণমূল পরিচালিত পুরসভার দাবি, বাম আমলে পুরবোর্ডের কী স্কিম ছিল, কোন দপ্তরে পাঠানো হয়েছিল জানা নেই। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, আমাদের মূল লক্ষ্য উন্নয়ন। বেহুলা নদীর ধারে সৌন্দর্যায়নের পরিকল্পনা নিয়েছি। কিছুদিন আগে নদীর ধার পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথাও হয়েছে। কীভাবে কাজ করা হবে খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের প্রাচীন পুরসভাগুলির মধ্যে পুরাতন মালদহ অন্যতম। মনসামঙ্গল কাব্যে রয়েছে, বেহুলা তাঁর স্বামী লখিন্দরের প্রাণ ফিরিয়ে আনতে শহরের ২ নম্বর ওয়ার্ডের এই নদী ধরে স্বর্গের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ওই কাব্যে শহরের দহরঘাটের উল্লেখ রয়েছে। বেহুলার স্মৃতি বিজড়িত নদীকে ঘিরে বাম আমল থেকে পর্যটনকেন্দ্রের দাবি স্থানীয়দের। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বামনেতা বিশ্বনাথ সুকুল বলেন, বহু পুরনো এই শহরের অন্যতম অঙ্গ বেহুলা নদী। চারিদিকে বাগান। এর সৌন্দর্য দেখে আমাদের সময়ে বেহুলা রিভার বিউটিফিকেশন স্কিম নেওয়া হয়। পরিকল্পনা ছিল একদিকে পার্ক, অন্যদিকে ঘাটে বোটিংয়ের ব্যবস্থা থাকবে। একটা রেস্টুরেন্ট করার কথাও ছিল।



