সংবাদদাতা, কাঁথি: অস্থায়ী ব্যবসায়ীরা স্টলের সামনে জায়গা দখল করে ব্যবসা করছেন। ফলে স্টলের ব্যবসায়ীদের ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সুরাহার দাবিতে সোমবার ওল্ড দীঘার স্টল ব্যবসায়ীরা দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার প্রশাসনিক অফিসে(জাহাজবাড়ি) বিক্ষোভ দেখালেন। এদিন শতাধিক ব্যবসায়ী ওই অবস্থান বিক্ষোভে শামিল হন। শেষ পর্যন্ত উন্নয়ন সংস্থার তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়।
Advertisement
ব্যবসায়ীদের বক্তব্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অস্থায়ী হকাররা স্টলের সামনে জায়গা দখল করে পসরা সাজিয়ে বসে যাচ্ছে। তাঁদের জন্য ব্যবসাই করা যাচ্ছে না। পর্যটকরা তাঁদের স্টলে আসতে পারছেন না। তাঁদের সৈকতে যাতায়াতেও সমস্যা হচ্ছে। এক ব্যবসায়ী বলেন, আমরা অনেক টাকা খরচ করে স্টল নিয়েছি। বিদ্যুৎ সহ অন্য ভাড়া মেটাতে হচ্ছে। কিন্তু অস্থায়ী দোকানের জন্য ব্যবসা লাটে ওঠার জোগাড় হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দীঘা সফরে এসে অবৈধ দোকান সরানোর বিষয়ে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি। আসলে একশ্রেণির নেতা টাকার বিনিময়ে পসরা বসানোয় মদত দিচ্ছে।
এদিন আধিকারিকের অনুপস্থিতিতে অফিসের হেড ক্লার্ক চন্দন কর্মকার ব্যবসায়ীদের অভিযোগ শোনেন। উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, এনিয়ে আমরা অভিযোগ পেয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।