নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ৮২ লক্ষ ৫ হাজার ৯১৯ জনের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আর্থিক সহায়তা প্রদান শুরু করল রাজ্য। সোমবার নবান্ন সভাঘর থেকে এই ভাতা প্রদানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ধিত হারে ১৫০০ টাকা করে পাঠানো হয়েছে অ্যাকাউন্টগুলিতে। সেই সঙ্গে এ সংক্রান্ত একাধিক ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকারের আমলে তৈরি সম্ভাব্য নতুন প্রাপকদের তালিকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। রাজ্যে বিজেপি সরকার আসার পর জনকল্যাণ শিবির এবং ‘আমার সরকার আমার পাশে’ হেল্পলাইনের মাধ্যমে আসা আবেদনপত্র যাচাই করে নতুন উপভোক্তা তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। শীঘ্রই দু’দিনের জন্য রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির হবে, যেখানে নতুন করে আবেদন করা যাবে।
মুখ্যমন্ত্রী এদিন চন্দ্রকোণার এক ভুয়ো বার্ধক্য ভাতা প্রাপকের গ্রেপ্তারির কথা উল্লেখ করেন। সেই সঙ্গে ‘অযোগ্য’ হয়েও যাঁরা বার্ধক্য ভাতা পাচ্ছেন, তাঁদের স্বেচ্ছায় এগিয়ে এসে ‘সারেন্ডার’ বা ভাতা বন্ধের আবেদন করার আরজিও জানিয়েছেন তিনি। ২৫ থেকে ৬০ বছর বয়সি যেসব মহিলা বিধবা ভাতা বাবদ মাসে ১৫০০ টাকা করে পান, তাঁদের অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকায় যুক্ত করার জন্য সমাজকল্যাণ দপ্তরকে নির্দেশ দিয়েছেন শুভেন্দু। সেক্ষেত্রে তাঁরা দেড় হাজারের জায়গায় তিন হাজার টাকা করে পাবেন। তবে এই বয়সসীমার মহিলাদের মধ্যে যাঁরা বিশেষভাবে সক্ষম ভাতা পান, তাঁরা তার সঙ্গেই অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তাও পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত মুখ্যসচিব মনোজ আগরওয়াল সিউড়িসহ একাধিক পুর এলাকায় অস্বাভাবিক হারে ভুয়ো উপভোক্তা খুঁজে পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই জায়গা থেকে পুনর্যাচাইয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যে এক মাস ধরে কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শুভেন্দু। ওই দিনই সেপ্টেম্বরের অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে।