Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অকেজো লক্ষ লক্ষ টাকায় তৈরি সোলার ডিপ টিউবওয়েল

অকেজো লক্ষ লক্ষ টাকায় তৈরি সোলার ডিপ টিউবওয়েল
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর-১ নম্বর ব্লকের চোরপাহাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলিতে পানীয় জলের সমস্যা মেটাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে সোলার ডিপ টিউবওয়েল তৈরি করা হয়েছিল। বর্তমানে ১১টির বেশি সোলার ডিপ টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে সেগুলি ব্যবহার করা যাচ্ছে না। নষ্ট হচ্ছে কয়েক লক্ষ টাকার সম্পদ। অভিযোগ, পঞ্চায়েত ও ব্লক প্রশাসন সেগুলিকে সারানোর ব্যবস্থা করেনি। ফলে অনেক দূর থেকে গ্রামের লোকজনকে পানীয় জল আনতে হচ্ছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোরপাহাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় প্রতিটি গ্রামে পানীয় জলের সমস্যার জন্য সোলার ডিপ টিউবওয়েল তৈরি করা হয়েছে। একটি সোলার ডিপ টিউবওয়েল করতে কোথাও ৪ লক্ষ, কোথাও ৫ লক্ষ, কোথাও ৭ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়েছে। ১১টি টিউবওয়েল দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। 
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বর্তমানে উনানশীলা ও সরবেড়িয়া গ্রামে দু’টি করে চারটি, মিটালশহর, উরুডি প্রাথমিক বিদ্যালয়, মসিনা, গোপালপুর, বিলতোড়া, ধনারডাঙা, লালতোড়া প্রভৃতি গ্রামে একটি করে সোলার ডিপ টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে।
গ্রামের বাসিন্দা প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সুদেশ বাউরি বলেন, সোলার ডিপ টিউবওয়েলগুলি তৈরির পর কোনওটি ছয় মাস, কোনওটি এক বছর ব্যবহার হয়েছে। তারপরেই খারাপ হয়ে যায়। পঞ্চায়েতকে বললেও কোনও কাজ হয়নি।
রঘুনাথপুর ৫ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি সন্তু তেওয়ারি বলেন, পাঁচ থেকে সাত লাখ টাকা একটি ডিপ টিউবওয়েল করতে খরচ হয়। সেগুলি তৈরির পর কম দামী মেশিন লাগানো হয়। ফলে ৬ মাস, এক বছর ব্যবহারের পরেই নষ্ট হয়ে যায়। তাতে মানুষের পানীয় জলের স্থায়ী সমাধান হল না। কিন্তু কিছু তৃণমূল নেতার পকেট ভরে গেল। 
চোরপাহাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম মুখোপাধ্যায় বলেন, গ্যারান্টি পিরিয়ডের মধ্যে যতগুলি সোলার ডিপ টিউবওয়েল খারাপ হয়েছে সেগুলি সারানোর ব্যবস্থা করা হচ্ছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পিএইচইর তরফ থেকে যে সমস্ত ডিপ টিউবওয়েল তৈরি করা হয়েছে এবং খারাপ হয়ে পড়ে রয়েছে সেগুলিকে যাতে সারানোর ব্যবস্থা করা হয় তারজন্য জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ