Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অজয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

অজয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানকর: অজয় নদে স্নান করতে নেমে মঙ্গলবার বিকেলে তলিয়ে গেল দুই নাবালক। নিখোঁজ দু’জনের নাম রাহুল রায়(১৫) ও শুভেন্দু মণ্ডল(১৭)। কাঁকসার শিবপুর ঘাটের অদূরে এই ঘটনা ঘটেছে। বাসিন্দাদের অভিযোগ, দ্রুত খবর দেওয়া হলেও পুলিস আসতে দেরি করে। তার প্রতিবাদে বাসিন্দারা পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায়। সন্ধ্যা পর্যন্ত দু’জনেরই সন্ধান মেলেনি। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকাল সাড়ে চারটা নাগাদ দুর্গাপুরের চাষিপাড়া এলাকার চার বন্ধু জয়দেব মেলা দেখতে আসে। আচমকাইে রাহুল ও শুভেন্দু ঠিক করে, তারা অজয় নদে স্নান করবে। বাকি দুই বন্ধু আপত্তি করলেও তারা সে কথায় কান দেয়নি। তাদের বন্ধু দেবাশিস সান্যাল জানায়, মকর সংক্রান্তির দিনে তাদের দামোদর যাওয়ার কথা হয়েছিল। পরে ঠিক হয়, জয়দেবের মেলা দেখতে আসবে। ওরা স্নান করবে বলে গামছা পরে নদের জলে নেমে পড়ে। সাঁতার না জানায় দু’জনই জলে তলিয়ে যায়। সেই সময় ওরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। কিন্তু আমি সাঁতার জানি না। তাই জলে নামতে পারিনি। স্থানীয়রা কাঁকসা থানায় খবর দেন। 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার এক ঘণ্টা পরেও উদ্ধারকারী দল আসেনি। পুলিস ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন তাদের ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, অজয় নদ থেকে অবৈধভাবে বালি চুরি হয়। ফলে নদের বিভিন্ন জায়গায় বড় গর্ত হয়েছে। অনেকেই স্নানের জন্য নির্দিষ্ট ঘাটে না গিয়ে যে কোন জায়গায় নেমে পড়ে। ফলে প্রায় প্রতি বছরই এই ধরনের ঘটনা ঘটে। অজয়ের বুক থেকে অবৈধভাবে বালি তোলা বন্ধ করতে হবে। এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন এসিপি কাঁকসা সুমনকুমার জয়সওয়াল। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যের আগে পর্যন্ত তল্লাশি চালানো হয়। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ করতে হয়।
সম্পর্কিত সংবাদ