Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঐক্যশ্রী: জেলায় লক্ষ্যমাত্রা সত্তর হাজার, দেওয়া হয়েছে ৫২ হাজার

ঐক্যশ্রী: জেলায় লক্ষ্যমাত্রা সত্তর হাজার, দেওয়া হয়েছে ৫২ হাজার
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চলতি বছর জেলায় ৭০ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে ‘ঐকশ্রী’ প্রকল্পে স্কলারশিপ দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল রাজ্য। যদিও এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ৫৩ হাজার পড়ুয়ার জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করা গিয়েছে। টার্গেট পূরণে বিভিন্ন স্কুল-কলেজে বিশেষ ক্যাম্প করার নির্দেশ দিয়েছে জেলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। তবে পরীক্ষা থাকায় বহু কলেজ ঠিকমতো এই ক্যাম্প করেনি। এরই জেরে স্কলারশিপের টার্গেট পূরণের কাজ পিছিয়ে গিয়েছে বলে অভিযোগ।
Advertisement
এই ব্যাপারে জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক অনুরাধা লামা বলেন, ঐক্যশ্রী স্কলারশিপের টার্গেট পূরণে আমাদের বিশেষ ক্যাম্প চলছে। এখনও পর্যন্ত প্রায় ৫৩ হাজার পড়ুয়াকে স্কলারশিপের আওতায় আনা গিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সংখ্যাটা কোথায় দাঁড়ায়, দেখা যাক।
জেলা প্রশাসন সূত্রে খবর, দশম শ্রেণি পর্যন্ত সংখ্যালঘু পড়ুয়াদের ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ ও রিনিউয়ালের পোর্টাল বন্ধ হয়ে গিয়েছে। ওই বিভাগে প্রায় তিনশো স্কলারশিপের রিনিউয়াল বাকি। এখন মাধ্যমিক পরবর্তীস্তরের পড়ুয়াদের স্কলারশিপের রিনিউয়াল চলছে। এই কাজে জোর দিতে চাইছে জেলা প্রশাসন। যেসমস্ত স্কুল ও কলেজ ঐক্যশ্রীর স্কলারশিপ রিনিউয়ালে পিছিয়ে রয়েছে, তাদের দ্রুত ওই প্রক্রিয়া সারতে বলেছে জেলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর।
অভিযোগ, ঐক্যশ্রী স্কলারশিপের টার্গেট পূরণে বিশেষ ক্যাম্প করতে বলা হলেও রাজগঞ্জ কলেজ ছাড়া জলপাইগুড়ি জেলার কোনও কলেজ সেভাবে উদ্যোগী হয়নি। কিছু কলেজ সাফাই দিয়েছে, পরীক্ষা চলায় তারা ক্যাম্প করতে পারেনি। যদিও জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, পরীক্ষার সময়েই তো সব পড়ুয়া আসে। সেসময় কলেজগুলি যদি বিশেষ ক্যাম্প করত, তাহলে স্কলারশিপের কাজ অনেকটাই এগত।     
প্রথম শ্রেণি থেকে পিএইচডি পর্যন্ত সংখ্যালঘু পড়ুয়াদের ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। যারা কারিগরি বিভাগে পড়াশোনা করছেন, তারাও এই ভাতা পাওয়ার যোগ্য। এক্ষেত্রে অভিভাবকের বার্ষিক আয় যেমন অন্যতম মাপকাঠি, তেমনই সংশ্লিষ্ট পড়ুয়াকে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
জেলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়িতে ৫ লক্ষ পড়ুয়াকে ঐক্যশ্রী স্কলারশিপ দিচ্ছে রাজ্য। এরমধ্যে প্রথম শ্রেণি থেকে মাধ্যমিক পর্যন্ত এই প্রকল্পে ভাতা পাচ্ছে ৪ লক্ষ ৫৭ ৬৮১ জন। মাধ্যমিকের পর থেকে পিএইচডি পর্যন্ত রাজ্যের দেওয়া এই স্কলারশিপ পাচ্ছেন ৩৪ হাজার ৯৬৪ জন। কারিগরি বিভাগের ৫ হাজার ৫৪৫ জন পড়ুয়া ঐক্যশ্রী প্রকল্পে ভাতা পাচ্ছেন। রাজ্যের দেওয়া এই স্কলারশিপ পেয়ে বহু দুঃস্থ পড়ুয়া তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠিত হচ্ছেন সমাজে।
সম্পর্কিত সংবাদ