Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অহেতুক অ্যালার্ম চেন টানার জের দু’মাসে ৫০০ যাত্রী শ্রীঘরে

অহেতুক অ্যালার্ম চেন টানার জের দু’মাসে ৫০০ যাত্রী শ্রীঘরে
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কৃষ্ণনগর: অহেতুক অ্যালার্ম চেন টেনে মাঝপথেই থামিয়ে দেওয়া হচ্ছে চলন্ত ট্রেন। রেলের আইনে যা গুরুতর অপরাধ। অথচ তাকে থোড়াই কেয়ার যাত্রীদের! অগত্যা বিঘ্ন হচ্ছে ট্রেন পরিষেবা। ট্রেন সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছে না। যার জন্যই আরপিএফের তরফে শুরু করা হয়েছে ‘অপারেশন সময় পালন’ কর্মসূচি। যেখানে যাত্রীরা অ্যালার্ম চেনকে অবৈধভাবে ব্যবহার করলেই কড়া ব্যবস্থা নেওয়া হয়। পূর্ব রেলের অন্তর্গত বিভিন্ন ডিভিশনে এনিয়ে ব্যাপক ধরপাকড় করা হয়। দু’মাসে প্রায় ৫০০ যাত্রীকে শ্রীঘরে পাঠিয়েছে পূর্ব রেল। 
Advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, গত নভেম্বর মাসে পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে অবৈধভাবে অ্যালার্ম চেন টানার জন্য মোট ৩৫২টি মামলা নথিভুক্ত হয়েছে। যার জেরে মোট ৩১৭ জন গ্রেপ্তার হয়েছিলেন। পাশাপাশি জরিমানাও আদায় করা হয়েছিল। হাওড়া ডিভিশনে এনিয়ে সর্বাধিক মামলা হয়। সেখানে ১১৭টি মামলায় ৯৩ জন গ্রেপ্তার হয়েছে। শিয়ালদহ ডিভিশনে ১৯টি মামলায় ১৯ জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে, মালদহ ডিভিশনে ১০৬টি মামলায় ১০১ জন এবং আসানসোল ডিভিশনে ১১০টি মামলায় ১০৪ জন গ্রেপ্তার হয়েছে।
ডিসেম্বর মাসেও সেই ধরপাকড়ের ধারা অব্যাহত ছিল। ১ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ডিভিশনে নথিভুক্ত হওয়া ১৯৩টি মামলায় ১৬৬ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে হাওড়া ডিভিশনে ৭৪টি মামলায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের ১৪টি মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদহ ডিভিশনে ৫৭টি মামলায় ৫০ জন এবং আসানসোল ডিভিশনে ৪৮টি মামলায় ৪৪ জন যাত্রীকে শ্রীঘরে পাঠিয়েছে আরপিএফ। 
সম্পর্কিত সংবাদ