Bartaman Logo
১০ জুন, ২০২৬

অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় জামিন ‘মিডলম্যান’ মিচেলের

অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় জামিন ‘মিডলম্যান’ মিচেলের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার ক্রয়ে অর্থ তছরুপের মামলা। ২০১০ সালে এই ভিভিআইপি চপার ক্রয়ের জন্য ৩,৬০০ কোটি টাকার চুক্তিতে বিপুল অঙ্কের ঘুষের লেনদেনের অভিযোগ ওঠে । এর জেরে বিপাকে পড়ে তৎকালীন ইউপিএ সরকার। এবার সেই মামলায় অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ক্রিস্টিয়ান মিচেল জেমসকে জামিন দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ইতিমধ্যেই ছয় বছর জেলে খেটেছেন মিচেল। কিন্তু এখনও তদন্ত জারি রয়েছে। তাই সামগ্রিক বিষয়টি মাথায় রেখে নিম্ন আদালতের জারি করা শর্তের ভিত্তিতে মিচেলকে জামিন দেওয়া হয়েছে।
Advertisement
ব্রিটিশ সংস্থার থেকে ১২টি ভিভিআইপি হেলিকপ্টার ক্রয়ের চুক্তি ঘিরে তৎকালীন শাসক দলের নেতা ও বেশ কিছু আধিকারিকদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠে।  মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগ্নে ব্যবসায়ী রাতুল পুরীর নামও জড়িয়েছিল। এই দুর্নীতি নিয়ে বারেবারেই কংগ্রেস ও গান্ধী পরিবারকে নিশানা করেছে বিজেপি। কপ্টার ক্রয়ের ক্ষেত্রে মিচেল মিডলম্যান হিসেবে কাজ করেছিলেন বলে অভিযোগ। তদন্তে নেমে ২০১৮ সালে মিচেলকে দুবাই থেকে ভারতে নিয়ে আসে ইডি। পরে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআইও। এরপর মামলাটি আদালতে ওঠে। সেইসূত্রেই গতবছর জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মিচেল। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। শেষমেশ দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ