নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। তাই শিলিগুড়ি শহরের একটি বহুতল শপিংমল কর্তৃপক্ষকে শোকজ করল দমকল বিভাগ। বুধবার তারা ওই মল কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছে। এরপরও অগ্নিনির্বাপণ ব্যবস্থা করা না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে দমকল। মল কর্তৃপক্ষ বিষয়টি মেনে নিলেও তারা এ ব্যাপারে বিল্ডার কর্তৃপক্ষের ঘাড়ে দায় চাপিয়েছে। কয়েকদিন আগে উত্তরকন্যায় বৈঠক করে বিভিন্ন ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা অডিট করার নির্দেশ দেন দমকলমন্ত্রী সুজিত বসু। এরপর দমকল বাহিনীর উত্তরবঙ্গ ডিভিশনাল অফিস বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। কয়েকদিন আগে তারা শহরের একটি শপিংমলে যায়। দমকল সূত্রে জানা গিয়েছে, ওই মলে ১০০টি দোকান। প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয়। কিন্তু আগুন নেভানোর কোনও সুব্যবস্থা নেই। অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও সেগুলির অধিকাংশের মেয়াদ উত্তীর্ণ। দমকল বিভাগের উত্তরবঙ্গের ডিভিশনাল অফিসার দেওয়ান লেপচা বলেন, কয়েকদিন আগে ওই মলের অগ্নিনির্বাপক ব্যবস্থা অডিট করা হয়। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। এজন্যই ওদের নোটিস পাঠানো হয়েছে। এরপরও কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না গড়লে বিষয়টি দমকল বিভাগের ডিরেক্টর জেনারেলের কাছে জানানো হবে। মল কর্তৃপক্ষ জানিয়েছে, শপিংমলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বিল্ডারের করার কথা ছিল। তারা তা করেনি। যার ফল এখন ভুগতে হচ্ছে। দমকলের পরামর্শ মতো শপিংমলে ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা করা হবে।



