সংবাদদাতা, বিষ্ণুপুর: আসানসোলের জামুড়িয়ায় অগ্নিদগ্ধ এক গৃহবধূর শনিবার বিষ্ণুপুরের একটি নার্সিংহোমে মৃত্যু হল। মৃতার নাম রীনাদেবী পাশোয়ান(৪২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৫ডিসেম্বর জামুড়িয়ায় নিজের বাড়িতে চা করতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন। প্রথমে আসানসোল হাসপাতাল, পরে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর্থিক সমস্যার কারণে তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। শেষে বিষ্ণুপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্ত করানো হয়েছে। মৃতের স্বামী বিনোদ পাশোয়ান বলেন, আমার স্ত্রীর মৃগী রোগ ছিল। ২৫ডিসেম্বর সন্ধ্যায় ছেলে দোকানে গিয়েছিল। স্ত্রী কয়লার চুলায় চা বসিয়েছিল। আমি বেসরকারি সংস্থায় কাজ করি। বাড়িতে ছিলাম না। ছেলে দোকান থেকে ফিরে এসে দেখে স্ত্রীর গায়ে আগুন জ্বলছে। বিভিন্ন হাসপাতাল ঘুরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে ভেন্টিলেশন না পাওয়ায় বিষ্ণুপুরের একটি নার্সিংহোমে ভর্তি করি। কিন্তু, শেষ রক্ষা হল না। শনিবার তার মৃত্যু হয়।



