নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শনিবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা জামালপুরের নদীবাঁধ পরিদর্শন করেন। জেলাশাসক আয়েশা রানি এ, পুলিস সুপার সায়ক দাস, এসডিও বুদ্ধদেব পান সহ অন্যান্য আধিকারিকরা জ্যোৎশ্রীরাম এবং জাড়গ্রাম এলাকায় যান। তাঁরা এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। গত বছর এই এলাকায় দামোদরের জল বাঁধ উপচে গ্রামে ঢোকে। বেশ কয়েকটি বাড়ি এবং চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়। নদীবাঁধ দুর্বল হয়ে গিয়েছিল। এবার বর্ষার সময় যাতে কোনও সমস্যা না হয়, তারজন্যই আধিকারিকরা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। জেলাশাসক বলেন, দামোদরে জল বেড়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হলে কীভাবে মোকাবিলা করা যাবে, তা নিয়ে আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এলাকার বিধায়ক অলোক মাঝি এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খানও ছিলেন।



