সংবাদদাতা, বিষ্ণুপুর: বৃহস্পতিবার বিষ্ণুপুর শহরে পুজোর মেলায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ পচা খাবার নষ্ট করলেন ফুড সেফটি অফিসাররা। এদিন দুপুরে বিষ্ণুপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দুই ফুড সেফটি অফিসার শহরের হাইস্কুল মাঠে ও শালবাগান মাঠে পুজোর মেলায় অভিযান চালান। সেখানে একাধিক খাবারের দোকানে বাসি রোল থেকে শুরু পচা শস, বাসি ভেজিটেবিল চপ সহ নানা ধরনের পচা খাবার দেখে অসন্তুষ্ট হন। পরে ওই সব খাবার নষ্ট করা হয়। এদিন তাঁরা শহরের কলেজ রোডে দু’টি খাবারের দোকানে হানা দেন। দোকানে থাকা বিভিন্ন খাবার পরীক্ষা করেন। এছাড়াও রান্নাঘরে গিয়ে একাধিক অনিয়ম লক্ষ্য করেন। প্রত্যেক মালিকের হাতে নোটিস ধরানো হয়।
ফুড সেফটি বিভাগের এক আধিকারিক বলেন, ১৫দিন আগে শহরের বিভিন্ন খাবারের দোকানে অনিয়মের ব্যাপারে নোটিস দেওয়া হয়েছিল। তা মানা হচ্ছে কি না এদিন দেখা হয়েছে। এছাড়াও দু’টি জায়গায় পুজোর মেলায় প্রচুর পরিমাণ পচা ও দুর্গন্ধ যুক্ত বাসি খাবার পাওয়া যায়। তা নষ্ট করা হয়। তাদের নোটিস ধরানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫দিন আগে বিষ্ণুপুর শহরের বিভিন্ন এলাকায় খাবারের দোকানে ফুড সেফটি অফিসাররা অভিযান চালিয়েছিলেন। যে সমস্ত দোকানে অনিয়ম ছিল, সেই দোকানের মালিককে নোটিস ধরানো হয়েছিল। এদিন পুনরায় ওই সব দোকানে গিয়ে নোটিসে উল্লিখিত অনিয়ম বন্ধ করা হয়েছে কি না খোঁজ খবর নেন। তার মধ্যে কলেজ রোডে দু’টি খাবারের দোকানে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। তাদের পুনরায় নোটিস ধরানো হয়। পুজোর সময় বিষ্ণুপুর হাইস্কুল মাঠ ও শালবাগানের মাঠে মেলা বসেছে। এখনো পর্যন্ত কিছু স্টল রয়েছে। ওই সব স্টলে অভিযান চালিয়ে আধিকারিকদের চক্ষু চড়কগাছ। তাঁরা বিভিন্ন পচা ও বাসি খাবার দেখতে পান। রোল, ভেজিটেবিল চপ থেকে শুরু করে শস সহ অন্যান্য খাবারে দুর্গন্ধ বের হচ্ছিল। ওই সব জিনিস নষ্ট করা হয়। এছাড়াও খাবারে রং মেশানোর ব্যাপারেও সতর্ক করা হয়। স্টল মালিকদের হাতে নোটিস ধরানো হয়। -নিজস্ব চিত্র



