সংবাদদাতা, রামপুরহাট: রাজ্য সরকারের হস্তক্ষেপে ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটকে রাখা নলহাটি-২ ব্লকের ১৭জন পরিযায়ী শ্রমিক অবশেষে ছাড়া পেলেন। তাঁরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে আতঙ্ক কাটছে না তাঁদের। নলহাটি-২ ব্লকের বহু যুবক ওড়িশায় কাজে যান। কেউ স্টিলের বাসনপত্র, কেউ প্রসাধনী বা স্টেশনারি সামগ্রী বাড়ি বাড়ি ফেরি করেন। ঈদুজ্জোহার পর এই ব্লকের ১৭জন ও পাইকরের দু’জন মিলে মোট ১৯জন ওড়িশায় যান। গত ২৫জুন বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওড়িশার রেমুনা থানার পুলিস তাদের থানায় ডেকে আটক করে। সকলের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। তারমধ্যে ফাইলুল শেখ নামে এক শ্রমিকের ফোন থেকে বাংলাদেশে কল করা হয়েছিল বলে তথ্য পায় সেখানকার পুলিস। যদিও ওই যুবক পুলিসকে জানান, ফেসবুকে চুল গজানোর বিজ্ঞাপন দেখে বাংলাদেশের ওই কোম্পানির নম্বরে ফোন করেছিলেন। সেটাও কয়েক বছর আগে। সেখানকার পুলিস মুরারই থানার সঙ্গে যোগাযোগ করার পর আশ্বস্ত হয়ে তাঁকে ছেড়ে দেয়। এক শ্রমিক সেখান থেকে কোনওভাবে পালিয়ে যান। আটক হন নলহাটি-২ ব্লকের সুখরাবাদের বাকি ১৭জন শ্রমিক।



