ভুবনেশ্বর: মহাজোট ইন্ডিয়ার ডাকা ১২ ঘণ্টার বন্ধে ওড়িশাজুড়ে ব্যাহত জনজীবন। এসআইআর, স্কুলের পাঠ্যবইয়ে ভুল থেকে শুরু করে খনন সংক্রান্ত নতুন আইন—একাধিক ইস্যুতে বন্ধ ডেকেছিল কংগ্রেস, সিপিএম, আরজেডি সহ বিভিন্ন শরিক দল। এর জেরে বৃহস্পতিবার সকাল ছ’টা থেকেই কার্যত শুনশান ছিল রাস্তাঘাট। একাধিক পেট্রল পাম্প, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তায় বাস, অটোর দেখা মেলেনি। ফলে চরম বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। দলীয় পতাকা ও ব্যানার হাতে জাতীয় সড়ক অবরোধ করেন কর্মী-সমর্থকরা। ভুবনেশ্বর, কটক, বালেশ্বর, সম্বলপুর, ভদ্রক সহ বিভিন্ন অঞ্চলে বাস, ট্রাক, অটো আটকে দেওয়া হয়। পোড়ানো হয় টায়ার। রাজ্যের বিভিন্ন অংশে বন্ধের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, বহু মানুষ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন। কংগ্রেস নেতা সুরেশ রৌত্রয় বলেন, ‘স্কুল পড়ুয়াদের ভুলে ভরা পাঠ্যবই দেওয়া হচ্ছে। লুট করা হচ্ছে ভোট। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মন্ত্রী নিত্যানন্দ গোন্দের ইস্তফা চাই। একইসঙ্গে খনি সংক্রান্ত নতুন আইন প্রত্যাহার করতে হবে।’



